সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং লোহিত সাগরে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি জানায়, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের লক্ষ্যবস্তু ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন।
আলোচনায় উত্তেজনা প্রশমিত করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বৃহস্পতিবার সরকারি সফরে সৌদি আরব গেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত চলা এই সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে।

