পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী সদস্যের ‘হানিট্র্যাপে’ পড়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। সূত্র: ইন্ডিয়া টুডে
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ মে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের পর ওই পাইলট জামিনের জন্য কোনো আবেদন করেননি বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বিমানবাহিনী সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই পাইলট একজন পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ পড়েছেন বলে জানতে পারে বিমানবাহিনী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের ধারণা, পাইলটটি পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের ফাঁদে পড়েছিলেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন পাইলটটি। ওই নারীর বার্তায় সাড়া দেওয়ার পর তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান ও ভিডিও কল শুরু হয়।
একপর্যায়ে ওই পাইলট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নারীর কাছে পাঠান বলে অভিযোগ উঠেছে। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা এসব তথ্যকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
এদিকে পাইলটের ব্যবহৃত একটি মোবাইল অ্যাপ নিয়েও তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, তিনি এক সহকর্মীকে ওই অ্যাপটি তার ফোনে ইনস্টল করে দিতে বলেছিলেন। তদন্তকারীদের ধারণা, অ্যাপটির মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক তার মোবাইলের নিয়ন্ত্রণ নেওয়া বা তথ্য সংগ্রহের চেষ্টা করে থাকতে পারে।
ভারতীয় কর্তৃপক্ষ এখন ওই অ্যাপ এবং পাইলটের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য বিশ্লেষণ করছে। এর মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

