Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মহাকাশেও সামরিক প্রতিযোগিতা: স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে ইউক্রেন-রাশিয়া
    আন্তর্জাতিক

    মহাকাশেও সামরিক প্রতিযোগিতা: স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে ইউক্রেন-রাশিয়া

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখন আর শুধু স্থল, আকাশ কিংবা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। সামরিক যোগাযোগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দুই দেশই এবার মহাকাশে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ইউক্রেন একদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে চাইছে, অন্যদিকে রাশিয়া নিজেদের সামরিক যোগাযোগের জন্য আলাদা কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

    ইউক্রেনের এই পরিকল্পনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে ‘ওব্রিয়া ন্যানো’ নামের একটি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ। দেখতে ছোট কম্পিউটারের মতো এই উপগ্রহটির দুই পাশে রয়েছে পাখার মতো সৌর প্যানেল। ইউক্রেনের সামরিক বেতারযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হিমেরা এবং ডেনমার্কের ক্ষুদ্র উপগ্রহ নির্মাতা প্রতিষ্ঠান গোমস্পেস যৌথভাবে এটি তৈরি করেছে। নির্মাতাদের আশা, এই ক্ষুদ্র উপগ্রহের মাধ্যমে ভবিষ্যতে ইউক্রেন নিজস্ব সামরিক যোগাযোগের জন্য একটি পূর্ণাঙ্গ উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে।

    গত ২৭ অক্টোবর হিমেরা জানায়, ওব্রিয়া ন্যানোর উৎক্ষেপণ ইউক্রেনের নিজস্ব ও নির্ভরযোগ্য উপগ্রহ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক সূচনা। উপগ্রহটি কক্ষপথে পৌঁছানোর প্রায় চার সপ্তাহ পর প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

    শুধু নিজস্ব প্রযুক্তি তৈরিই নয়, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গেও সহযোগিতা বাড়াচ্ছে কিয়েভ। অক্টোবরের মাঝামাঝি সময়ে ফিনল্যান্ডের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার উদ্যোগ নেয় ইউক্রেন। প্রতিষ্ঠান দুটি হলো টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা নকিয়া এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান আইসিআই। আইসিআই এমন এক বিশেষ রাডার প্রযুক্তি নিয়ে কাজ করে, যার সাহায্যে আবহাওয়া যেমনই থাকুক, উচ্চমানের উপগ্রহচিত্র সংগ্রহ করা সম্ভব।

    স্টারলিংকের ওপর নির্ভরতা কমাতে চায় ইউক্রেন

    ইউক্রেনের নিজস্ব উপগ্রহ নেটওয়ার্ক তৈরির অন্যতম কারণ হলো সামরিক যোগাযোগের ক্ষেত্রে স্টারলিংকের ওপর অতিরিক্ত নির্ভরতা। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত এই ব্যবস্থায় ১০ হাজারের বেশি নিম্ন কক্ষপথের কৃত্রিম উপগ্রহ রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সেনাবাহিনী, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী সরকারি সংস্থাগুলো যোগাযোগের জন্য এই ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভর করে আসছে।

    ২০২২ সালে ইউক্রেনকে বিনা মূল্যে স্টারলিংক সেবা ও সংযোগযন্ত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল দেশটির জনগণ। যুদ্ধক্ষেত্রে দ্রুত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সামরিক কার্যক্রম পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সময়ের সঙ্গে ইলন মাস্কের অবস্থান ও সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনের উদ্বেগ বাড়তে থাকে।

    ২০২২ সালের শেষ দিকে রাশিয়ার দখল করা কিছু এলাকায় স্টারলিংক সেবা চালু করতে অস্বীকৃতি জানান মাস্ক। এতে ইউক্রেনের সামরিক অভিযান বাধাগ্রস্ত হয়। একই সময়ে তিনি ইউক্রেনকে ভবিষ্যতে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার, ক্রিমিয়াকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার এবং রাশিয়ার দখল করা অঞ্চলগুলোতে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট আয়োজনের প্রস্তাব দেন।

    এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া কী করেছে তা বুঝতে হলে ইউক্রেনে এসে পরিস্থিতি নিজের চোখে দেখতে হবে।

    অন্যদিকে, রাশিয়া হাজার হাজার স্টারলিংক সংযোগযন্ত্র গোপনে সংগ্রহ করে যোগাযোগ ও চালকবিহীন আকাশযানের হামলায় ব্যবহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্স কেবল অনুমোদিত সংযোগযন্ত্র ব্যবহারের সুযোগ দিয়ে এই কার্যক্রম বন্ধ করে দেয়।

    স্টারলিংকের ওপর নির্ভরতার ঝুঁকি আবারও স্পষ্ট হয় গত ১৪ থেকে ২৪ অক্টোবর। এ সময় ইউক্রেনের জন্য স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের গতিসীমা নির্ধারণ করা হয়। ফলে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে চলা চালকবিহীন আকাশযান ও সেগুলো প্রতিহত করার যন্ত্রগুলো সংযোগ হারিয়ে ফেলে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়।

    এ বিষয়ে শুরুতে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সিদ্ধান্তকে দায়ী করেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মাস্ক নিজেই এই গতি কমানোর অনুমোদন দিয়েছিলেন বলে প্রকাশিত হওয়ার পর তিনি সিদ্ধান্তটির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন।

    গত বৃহস্পতিবার ইউক্রেনের জন্য স্টারলিংক ও স্টারশিল্ডের গতি সীমিত করার ফলে যুদ্ধের সম্মুখসারিতে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানান জেলেনস্কি। এর আগেও গত মাসে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।

    কিয়েভভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পেন্টার প্রধান ভলোদিমির ফেসেনকোর মতে, ইলন মাস্কের ব্যক্তিগত মনোভাব ও রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর ভাষায়, কখনো মাস্ক ইউক্রেনকে সহযোগিতা করেছেন, আবার কখনো তাঁর প্রতিক্রিয়া দেশটির জন্য নেতিবাচক হয়েছে।

    তবে স্টারলিংক থেকে ইউক্রেনকে পুরোপুরি বিচ্ছিন্ন করা মাস্কের নিজের ব্যবসার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ ইউক্রেনের মতো একটি যুদ্ধক্ষেত্রে সেবাটি নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা তৈরি হলে তা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনামের ওপর প্রভাব ফেলতে পারে।

    নিজস্ব উপগ্রহ নেটওয়ার্ক তৈরির পথে রাশিয়া

    ইউক্রেন যখন স্টারলিংকের বিকল্প খুঁজছে, তখন রাশিয়াও নিজেদের সামরিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৮ অক্টোবর ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভা’ বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে পুতিন যে প্রশংসা ও তোষামোদমূলক কৌশল ব্যবহার করেছেন, মাস্কের ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

    রাশিয়ার নিজস্ব স্টারলিংক-সদৃশ ব্যবস্থা তৈরির পরিকল্পনা নিয়ে কথা বলার সময় পুতিন বলেন, মহাকাশে একে অপরের কার্যক্রমে বাধা না দিয়ে শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে, এমনকি মাস্কের সঙ্গেও, যোগাযোগ রাখা হচ্ছে।

    তবে রাশিয়ার এই উদ্যোগ এখনো প্রত্যাশিত সাফল্য পায়নি। দেশটির প্রস্তাবিত ‘রাসভেত’ উপগ্রহ নেটওয়ার্কের জন্য ব্যবহৃত সামরিক উপগ্রহগুলো মূলত চীনে তৈরি ‘চিয়ানফান’ উপগ্রহ। এগুলো প্রথম প্রজন্মের স্টারলিংক উপগ্রহের মতো প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।

    ক্রেমলিন নিয়ন্ত্রিত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যুরো ১৪৪০ এই নেটওয়ার্ক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে কক্ষপথে ৯০০টি উপগ্রহ স্থাপন করা হবে।

    তবে এই পরিকল্পনা বাস্তবায়নে নানা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। ওয়াশিংটনভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার গত আগস্টে জানায়, রাসভেত প্রকল্পের এক-তৃতীয়াংশেরও বেশি উপগ্রহ নির্ধারিত স্থিতিশীল কার্যকর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

    নভেম্বরের শুরুর দিকে গত সাত মাসে উৎক্ষেপণ করা ৩২টি রাসভেত-৩ উপগ্রহের মধ্যে দুটি হারিয়েছে মস্কো। ইউক্রেনের সামরিক সংবাদমাধ্যম ডিফেন্স এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে যাওয়া দ্বিতীয় উপগ্রহটির অবস্থান সংশোধনের জন্য প্রয়োজনীয় চালনা ব্যবস্থা কাজ করেনি।

    বিকল্প প্রযুক্তি কতটা কার্যকর?

    স্টারলিংকের বিকল্প হিসেবে ইউক্রেন চাইলে অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবাও নিতে পারে। তবে সেগুলোর সক্ষমতা ও কার্যকারিতা এখনো স্টারলিংকের সমপর্যায়ের নয়।

    যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইরিডিয়ামের কক্ষপথে প্রায় ৮০০ কিলোমিটার উচ্চতায় ৬৬টি উপগ্রহ রয়েছে। অন্যদিকে, ফ্রান্সের ইউটেলস্যাট পরিচালিত ওয়ানওয়েবের রয়েছে সর্বোচ্চ ৬৫০টি উপগ্রহ, যেগুলো পৃথিবী থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার উচ্চতায় ঘুরছে। তবে সামরিক চালকবিহীন আকাশযানের হামলায় ওয়ানওয়েব ব্যবহারের অনুমতি নেই।

    ইউক্রেনের একটি সাধারণ স্টারলিংক সংযোগযন্ত্র একই সময়ে প্রায় ৬০টি উপগ্রহের সংকেত পেতে পারে। অন্যদিকে, ওয়ানওয়েবের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ১১টি। খরচের দিক থেকেও রয়েছে বড় পার্থক্য। একটি হালকা ও সহজে বহনযোগ্য স্টারলিংক সংযোগযন্ত্রের দাম সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার। বিপরীতে, ওয়ানওয়েবের সংযোগযন্ত্র অনেক বেশি ভারী ও বড় এবং এর দাম প্রায় ৯ হাজার মার্কিন ডলার।

    ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের মহাকাশ ও সামরিক বিশ্লেষক পাভেল লুজিনের মতে, নিজস্ব উপগ্রহ তৈরির ক্ষেত্রে ইউক্রেনের সামনে দুটি প্রধান পথ রয়েছে।

    প্রথমত, দেশটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল ভূস্থির কক্ষপথের উপগ্রহ তৈরি করতে পারে। এসব উপগ্রহ প্রায় ২০ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে এবং ইউক্রেনের সামরিক যোগাযোগের প্রয়োজন মেটাতে সক্ষম হতে পারে।

    দ্বিতীয়ত, তুলনামূলক কম খরচে শত শত নিম্ন কক্ষপথের উপগ্রহ নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তবে এসব উপগ্রহকে নির্দিষ্ট অবস্থানে ধরে রাখতে চালনা ইঞ্জিন প্রয়োজন হবে। পাশাপাশি পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে এগুলো একসময় কক্ষপথ থেকে নিচে নেমে যাবে। ফলে নিয়মিত নতুন উপগ্রহ উৎক্ষেপণ করতে হবে।

    এর বাইরে আরও কম খরচের বিকল্প হিসেবে স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচলকারী বিশেষ বেলুন ও চালকবিহীন আকাশযান ব্যবহারের কথাও বিবেচনা করা যেতে পারে। এগুলোকে অনেকটা অস্থায়ী উপগ্রহের মতো কাজে লাগানো সম্ভব।

    লুজিন আরও মনে করেন, দূরপাল্লার চালকবিহীন আকাশযানের লক্ষ্য নির্ধারণে উপগ্রহের সহায়তা প্রয়োজন হওয়ায় প্রতিটি হামলার খরচ বেড়ে যায়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এমন আকাশযান তৈরি করা গেলে, যেগুলোকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিনতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, তাহলে উপগ্রহের ওপর নির্ভরতা কমানো যেতে পারে।

    বিকল্প হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেছেন তিনি। এ ধরনের ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য উপগ্রহ যোগাযোগের প্রয়োজন হয় না। একই সঙ্গে কয়েকটি চালকবিহীন আকাশযান রুশ প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তেমন ক্ষতি করতে সক্ষম হতে পারে।

    লুজিনের মতে, স্টারলিংকের বিকল্প তৈরি করার সিদ্ধান্ত শুধু ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল একটি প্রযুক্তির পরিবর্তে অন্য ব্যবস্থা চালুর বিষয় নয়। বরং এর সঙ্গে ব্যয়, সামরিক প্রয়োজন, প্রযুক্তিগত সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থের হিসাব জড়িত।

    তিনি আরও মনে করেন, শেষ পর্যন্ত ইউক্রেনের হয়তো স্টারলিংকের বিকল্প তৈরি করার প্রয়োজনও নাও হতে পারে। কারণ স্পেসএক্সের ব্যবসায়িক স্বার্থের জন্যও ইউক্রেনে তাদের সেবা চালু রাখা গুরুত্বপূর্ণ।

    সব মিলিয়ে ইউক্রেন ও রাশিয়ার এই প্রতিযোগিতা দেখিয়ে দিচ্ছে, আধুনিক যুদ্ধে মহাকাশ প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামরিক যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ এবং চালকবিহীন আকাশযান পরিচালনায় কৃত্রিম উপগ্রহের ভূমিকা ক্রমেই বাড়ছে। ফলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র ও সেনাসংখ্যা নয়, মহাকাশে কার প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী, সেটিও যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুরোনো প্রযুক্তির গলদে চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ

    নভেম্বর 14, 2026
    আন্তর্জাতিক

    ফ্লাইট বিপর্যয়ের পর ৫ হাজার কোটি ডলার বরাদ্দ চান ট্রাম্প

    নভেম্বর 14, 2026
    বাংলাদেশ

    বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.