Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের ২৩ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ প্রকল্প কি শেষ পর্যন্ত ডুবতে চলেছে?
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ২৩ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ প্রকল্প কি শেষ পর্যন্ত ডুবতে চলেছে?

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হলেন বিবিজি(এক্স)-এর সবচেয়ে বড় সমর্থক। ছবি: ইউটিউব স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া টাইমস

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রতিরক্ষা বাজেট কমানোর চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল যুদ্ধজাহাজ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চীনের ক্রমবর্ধমান নৌশক্তি মোকাবিলায় অত্যন্ত ব্যয়বহুল একটি বৃহৎ যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে, নাকি সেই অর্থ পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরিতে বিনিয়োগ করা হবে—তা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে।

    চলতি মাসে ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়ার অন দ্য রকস এবং দ্য ওয়ার জোন-সহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘গোল্ডেন ফ্লিট’ উদ্যোগের অন্যতম প্রধান প্রকল্প মার্কিন নৌবাহিনীর প্রস্তাবিত বিবিজি(এক্স) বা BBG(X) গাইডেড-মিসাইল ব্যাটলশিপ ক্রমবর্ধমান কংগ্রেসীয় বিরোধিতার মুখে পড়েছে। এই বিরোধিতার কারণে পুরো প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

    মার্কিন সিনেটের বরাদ্দবিষয়ক আইনপ্রণেতারা ২০২৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার কোটি ডলারের একটি প্রতিরক্ষা ব্যয় বিল উত্থাপন করেছেন, যা বাজেট সমন্বয় প্রক্রিয়ার বাইরে প্রণীত। এতে প্রায় ৩৪ হাজার থেকে ৩৫ হাজার টন ওজনের প্রস্তাবিত যুদ্ধজাহাজটির জন্য নির্ধারিত অর্থ থেকে প্রায় ১৮৪ কোটি ডলার বাদ দেওয়া হয়েছে।

    এর মধ্যে অগ্রিম সরঞ্জাম সংগ্রহের জন্য চাওয়া পুরো ১০০ কোটি ডলারই বাতিল করা হয়েছে। আইনপ্রণেতারা এই বরাদ্দকে প্রয়োজনের তুলনায় সময়ের আগেই চাওয়া হয়েছে বলে মনে করছেন। পাশাপাশি গবেষণা ও উন্নয়ন খাতের আরও ৮৩ কোটি ৬৯ লাখ ডলারও বাদ দেওয়া হয়েছে।

    চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয়ের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের ফল অনুযায়ী, আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষ এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাবিষয়ক কমিটিগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে ডেমোক্র্যাটদের হাতে। তাঁদের মধ্যে অনেকেই প্রকাশ্যে এই যুদ্ধজাহাজ প্রকল্পের বিরোধিতা করেছেন।

    ২০২৫ সালের ডিসেম্বরে ঘোষণা করা পারমাণবিক শক্তিচালিত বিবিজি(এক্স) প্রকল্পের প্রথম যুদ্ধজাহাজটির নাম হওয়ার কথা ‘ইউএসএস ডিফায়ান্ট’। নির্মিত হলে এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বড় সমুদ্রপৃষ্ঠে পরিচালিত যুদ্ধজাহাজ।

    তবে শুরু থেকেই প্রকল্পটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে মার্কিন জাহাজ নির্মাণশিল্পের সক্ষমতা এবং বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে।

    মার্কিন কংগ্রেসের বাজেট কার্যালয়ের (সিবিও) প্রাক্কলন অনুযায়ী, প্রথম যুদ্ধজাহাজটি নির্মাণে সর্বোচ্চ ২ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে। পরবর্তী প্রতিটি জাহাজ তৈরিতে খরচ হতে পারে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।

    আইনপ্রণেতাদের একটি অংশ চাইছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, রেলগান ও লেজার অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো কার্যকর ও পরিপক্ব প্রমাণিত না হওয়া পর্যন্ত জাহাজটির নির্মাণকাজ বন্ধ রাখা হোক। এই অবস্থান কয়েক হাজার কোটি ডলারের প্রকল্পটির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

    পুরোনো মার্কিন নৌবহর ও চীনের ক্রমবর্ধমান শক্তি

    মার্কিন নৌবাহিনীর বিদ্যমান যুদ্ধজাহাজগুলোর ক্রমাবনতিশীল অবস্থাই মূলত বিবিজি(এক্স) প্রকল্পের পেছনের যুক্তি ব্যাখ্যা করে।

    ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পুরোনো টিকন্ডেরোগা শ্রেণির ক্রুজার এবং আর্লি বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারগুলো ক্রমেই প্রযুক্তিগতভাবে অচল হয়ে পড়ছে। একই সঙ্গে এগুলোর নকশাগত সীমাবদ্ধতাও গুরুতর হয়ে উঠেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৮ থেকে ১৯৮৮ সালের মধ্যে নির্মিত টিকন্ডেরোগা শ্রেণির অবশিষ্ট ২২টি ক্রুজার ২০২৭ অর্থবছরের মধ্যে পুরোপুরি অবসরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আগে এই শ্রেণির পাঁচটি যুদ্ধজাহাজ আধুনিকায়নের ব্যয় অত্যধিক হওয়ায় সেগুলোকে আর কার্যক্রমে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

    অন্যদিকে, প্রায় ৪০ বছর ধরে উৎপাদন এবং তিন দশকের আধুনিকায়নের পরও আর্লি বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারগুলোর সক্ষমতা সীমার কাছাকাছি পৌঁছে গেছে।

    ভবিষ্যতের নির্দেশিত শক্তিনির্ভর অস্ত্র, বড় আকারের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত সেন্সর স্থাপনের জন্য এসব জাহাজে প্রয়োজনীয় জায়গা, ওজন বহনের সক্ষমতা, বৈদ্যুতিক শক্তি, শীতলীকরণব্যবস্থা ও স্থিতিশীলতার পর্যাপ্ত সুযোগ নেই। এই কারণেই মার্কিন নৌবাহিনী বিকল্প যুদ্ধজাহাজ তৈরির উদ্যোগ নিয়েছে।

    মার্কিন নৌবহর যখন পুরোনো হয়ে পড়ছে, তখন চীন দ্রুত তার নৌশক্তি আধুনিকায়ন করছে।

    ২০২৫ সালের এপ্রিলে প্রকাশিত সিআরএসের আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির (প্ল্যান) বড় আকারের যুদ্ধজাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    ২০০০ সালে চীনের বহরে ক্রুজার ও ডেস্ট্রয়ার মিলিয়ে ১৯টি বড় যুদ্ধজাহাজ ছিল। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০টিতে। মার্কিন নৌবাহিনীর পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে এই সংখ্যা ৮০টিতে পৌঁছাতে পারে।

    চীনের এই সম্প্রসারণের কেন্দ্রে রয়েছে ১২ হাজার থেকে ১৩ হাজার টন ওজনের টাইপ ০৫৫ রেনহাই শ্রেণির ক্রুজার। এসব জাহাজে ওয়াই জে-২১ হাইপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উপযোগী ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম (ভিএলএস) রয়েছে।

    ২০২৪ সালের মে মাসে এই শ্রেণির দশম যুদ্ধজাহাজটির কাঠামো পানিতে নামানো হয়।

    এ ছাড়া চীনের বহরে রয়েছে প্রায় ৭ হাজার ৫০০ টন ওজনের টাইপ ০৫২ডি লুয়াং-৩ শ্রেণির ডেস্ট্রয়ার। এগুলোতে অত্যাধুনিক ফেজড-অ্যারে রাডার রয়েছে। ২০২৩ সালে এই শ্রেণির ২৭তম ও ২৮তম যুদ্ধজাহাজ পানিতে নামানো হয়।

    চীনের সঙ্গে নৌশক্তির এই ক্রমবর্ধমান ব্যবধানের প্রেক্ষাপটে ২০২৬ সালের জুনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক পলিসির (এনআইপিপি) একটি প্রতিবেদনে বিশ্লেষক মার্ক স্নাইডার বিবিজি(এক্স) প্রকল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

    তাঁর মতে, প্রস্তাবিত যুদ্ধজাহাজটির লক্ষ্য প্রতিপক্ষের নৌশক্তিকে ছাড়িয়ে যাওয়া, পারমাণবিক সংঘাতের বিস্তার প্রতিরোধ করা এবং মার্কিন নৌবহরের একটি কেন্দ্রীয় কমান্ড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা।

    স্নাইডার উল্লেখ করেন, পারমাণবিক শক্তিচালিত বিবিজি(এক্স) আকারে আর্লি বার্ক শ্রেণির ডেস্ট্রয়ারের প্রায় তিন গুণ।

    এর বিশাল কাঠামো, ভারী বর্ম এবং অধিক অস্ত্র মজুতের সক্ষমতা একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি কনভেনশনাল প্রম্পট স্ট্রাইক (সিপিএস) হাইপারসনিক অস্ত্র, রেলগান এবং লেজার অস্ত্র ব্যবহারের সক্ষমতা রাখবে বলে পরিকল্পনা করা হয়েছে।

    বিশাল যুদ্ধজাহাজ কি আধুনিক যুদ্ধে টিকে থাকতে পারবে?

    তবে প্রকল্পের শুরু থেকেই নৌযুদ্ধ বিশেষজ্ঞদের একটি অংশ এত বড় যুদ্ধজাহাজ তৈরির সামরিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের এস. রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের (আরএসআইএস) একটি প্রতিবেদনে সামরিক বিশ্লেষক জিওফ্রে টিল বলেন, বিবিজি(এক্স) যুদ্ধজাহাজের নকশায় গুরুতর কৌশলগত দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা আধুনিক ছড়িয়ে-ছিটিয়ে পরিচালিত নৌযুদ্ধের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

    তাঁর যুক্তি, একটি বিশাল ও সহজে শনাক্তযোগ্য যুদ্ধজাহাজে বিপুল অস্ত্রশক্তি কেন্দ্রীভূত করার অর্থ হলো পুরো নৌবহরের জন্য একটি বড় দুর্বলতা তৈরি করা।

    এ ধরনের জাহাজ শত্রুপক্ষের মানববিহীন ড্রোনের ঝাঁক এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একাধিক বড় যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা এবং রাশিয়ার ক্রুজার ‘মস্কভা’ ডুবে যাওয়ার উদাহরণ টেনে তিনি এই ঝুঁকির কথা তুলে ধরেন।

    টিল আরও বলেন, বিবিজি(এক্স)-এর সমপরিমাণ মোট ওজনের একাধিক ফ্লাইট-৩ আর্লি বার্ক ডেস্ট্রয়ার মোতায়েন করা হলে সেগুলোতে সম্মিলিতভাবে বিবিজি(এক্স)-এর পরিকল্পিত ১২৮টি ভিএলএস সেলের চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা পাওয়া যাবে।

    পাশাপাশি প্রস্তাবিত রেলগান ও লেজার অস্ত্র পরিচালনার জন্য অস্বাভাবিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রয়োজন হবে। এটিও প্রকল্পটির জন্য বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

    জাহাজ নির্মাণশিল্পের সংকটও বড় বাধা

    সামরিক কৌশলগত বিতর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণশিল্পের সীমিত সক্ষমতাও প্রকল্পটির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    ২০২৬ সালের সেপ্টেম্বরে আসান ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বিশ্লেষক পিটার লি মার্কিন জাহাজ নির্মাণশিল্পের গুরুতর সংকটের কথা তুলে ধরেন।

    তাঁর মতে, উচ্চ শ্রমব্যয়, দুর্বল অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা, দীর্ঘদিন ধরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ এবং ধারাবাহিক অলাভজনক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ সক্ষমতাকে সীমিত করে ফেলেছে।

    এই পরিস্থিতি বিবিজি(এক্স) প্রকল্পের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে পারে।

    লি উল্লেখ করেন, মার্কিন জাহাজ নির্মাণ কারখানাগুলো এককভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নির্মাণকাজ শেষ করতে পারবে না বলেই নৌবাহিনী বিকল্প ব্যবস্থা খুঁজছে।

    এর একটি সম্ভাব্য উপায় হলো মিত্রদেশগুলোর বিদেশি জাহাজ নির্মাণ কারখানায় যুদ্ধজাহাজের বড় কিন্তু গোপনীয় প্রযুক্তির সঙ্গে সম্পর্কহীন কাঠামোগত অংশ তৈরি করা।

    তবে এ ক্ষেত্রেও সমস্যা রয়েছে।

    ক্রমবর্ধমান নির্মাণব্যয়, আগে থেকেই জমে থাকা বিপুল অর্ডার এবং যুক্তরাষ্ট্রের কঠোর শ্রম ও সরবরাহসংক্রান্ত বিধিনিষেধের কারণে বিদেশি জাহাজ নির্মাতারা মার্কিন কারখানায় বিনিয়োগ করতে অনাগ্রহী।

    বিশেষ করে সম্পূর্ণ মার্কিন কর্মী ও অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা ব্যবহারের বাধ্যবাধকতা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত জটিলতা তৈরি করছে।

    এর সঙ্গে বিদেশে নির্মাণকাজ দেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের ক্রমবর্ধমান বিরোধিতাও যুক্ত হয়েছে। ফলে প্রকল্পটির প্রথম যুদ্ধজাহাজ নির্মাণের সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

    কংগ্রেসে ট্রাম্পের প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা

    মার্কিন কংগ্রেসেও বিবিজি(এক্স) প্রকল্পকে কার্যকর নৌকৌশলের পরিবর্তে রাজনৈতিক প্রদর্শনী হিসেবে সমালোচনা করা হচ্ছে।

    ২০২৬ সালের আগস্টে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ ও জো কোর্টনি ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধজাহাজ প্রকল্পের কঠোর সমালোচনা করেন।

    তাঁরা প্রকল্পটিকে ‘ভুল পথে পরিচালিত, ব্যক্তিগত অহংবোধ থেকে নেওয়া সিদ্ধান্ত’ এবং ‘অপরিকল্পিত আত্মপ্রদর্শনমূলক প্রকল্প’ হিসেবে অভিহিত করেন।

    তাঁদের অভিযোগ, প্রকল্পটির পেছনে সুস্পষ্ট সামরিক কৌশলগত যুক্তি নেই। এমনকি বাস্তবে নির্মাণযোগ্য কোনো পূর্ণাঙ্গ নকশাও প্রস্তুত করা হয়নি।

    স্মিথ ও কোর্টনির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে মার-আ-লাগোতে একটি প্রদর্শনী বোর্ডে আঁকা যুদ্ধজাহাজের ধারণা থেকেই প্রকল্পটির সূচনা হয়।

    পরবর্তী সময়ে একের পর এক নতুন চাহিদা ও প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত করার ফলে জাহাজটির নকশা এতটাই জটিল হয়ে উঠেছে যে এটি বাস্তবে নির্মাণ করা প্রায় অসম্ভব পর্যায়ে পৌঁছেছে।

    এ অবস্থায় কংগ্রেস শেষ পর্যন্ত বিবিজি(এক্স) প্রকল্প বাতিল করলে মার্কিন নৌবাহিনী এর জন্য নির্ধারিত অর্থ এবং জাহাজ নির্মাণ কারখানার সক্ষমতা তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত বিকল্প প্রকল্পে ব্যবহারের সুযোগ পেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    এআইয়ের উত্থানে শক্তিশালী ডলার, ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?

    নভেম্বর 20, 2026
    ব্যাংক

    ব্যাংক একীভূতকরণ উদ্যোগ: আস্থা ফিরবে নাকি বাড়বে অস্থিরতা?

    নভেম্বর 20, 2026
    আন্তর্জাতিক

    আমাজনের গহিন থেকে বেরিয়ে এল বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, খাবার চেয়ে ধরা দিল বিপন্নতার ছবি

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.