Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এআইয়ের উত্থানে শক্তিশালী ডলার, ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?
    বিশ্ব অর্থনীতি

    এআইয়ের উত্থানে শক্তিশালী ডলার, ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে ডলারের ভূমিকা ক্রমশ বাড়ছে। ছবি: এক্স স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া টাইমস

    কেভিন ওয়ার্শ যখন গত মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দায়িত্ব নেন, তখন সম্ভবত তাঁর পড়ার তালিকায় অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান ও অ্যাডাম স্মিথের বইয়ের প্রাধান্য ছিল। ছয় মাস পর সেই তালিকায় অনায়াসেই জায়গা করে নিতে পারেন বিজ্ঞান কল্পকাহিনির লেখক আইজ্যাক আসিমভ, আর্থার সি. ক্লার্ক ও ফিলিপ কে. ডিক।

    ওয়ার্শের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খুব দ্রুত বিজ্ঞান কল্পকাহিনির বিষয় থেকে ২০২৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসের অন্যতম নির্ধারক শক্তিতে পরিণত হয়েছে। গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহই সেই পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেছে।

    মূল্যস্ফীতি কিংবা অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধির হার নিয়ে প্রচলিত আলোচনার পরিবর্তে ওয়ার্শ এখন মনোযোগ দিচ্ছেন নতুন একটি প্রশ্নে—এআই কীভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং বিশ্বজুড়ে ডলারের আধিপত্যকে নতুনভাবে গড়ে তুলতে পারে?

    বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে এআই কীভাবে বদলে দিতে পারে, তা বুঝতে ফেডারেল রিজার্ভ এখন সক্রিয়ভাবে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করছে।

    গত ১৬ নভেম্বর এক বক্তৃতায় ওয়ার্শ বলেন, ‘অর্থনৈতিক প্রভাবের দিক থেকে এআইকে অন্য প্রযুক্তি থেকে আলাদা করে তুলতে পারে নতুন ধারণা তৈরির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার সামর্থ্য। এটি উদ্ভাবনের পদ্ধতি এবং অন্তত সমান গুরুত্বপূর্ণভাবে উদ্ভাবনের গতিও বদলে দিচ্ছে বলে মনে হচ্ছে। নতুন ধারণা তৈরির পরিসর বিস্তৃত হলে দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হতে পারে।’

    ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরাও ক্রমেই একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন। সাম্প্রতিক এক বিশ্লেষণে গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ডলারের শক্তিশালী অবস্থানের পেছনে আংশিকভাবে কাজ করছে এআই খাতের দ্রুত সম্প্রসারণ থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে—এমন কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ।

    প্রতিষ্ঠানটি লিখেছে, ‘আমরা দেখেছি, ভালো কিংবা খারাপ—উভয় পরিস্থিতিতেই ডলারের পারফরম্যান্সের সঙ্গে এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের পারফরম্যান্সের সম্পর্ক রয়েছে।’

    ডয়চে ব্যাংকের বৈদেশিক মুদ্রাবিষয়ক গবেষণার বৈশ্বিক প্রধান জর্জ সারাভেলোস এই প্রবণতাকে সরাসরি ‘এআই ডলার’ নামে অভিহিত করেছেন। তাঁর মতে, এআই-সংশ্লিষ্ট বিনিয়োগকে ঘিরে যে উত্থান ঘটেছে, সেটিই ব্যাখ্যা করতে সাহায্য করে কেন চলতি বছর ডলার দুর্বল হওয়ার ব্যাপক পূর্বাভাস বাস্তবে ফলেনি।

    সারাভেলোস বলেন, ‘এ বছর ডলার দুর্বল হওয়ার যে প্রত্যাশা আমাদের ছিল, তা বাস্তবায়িত হয়নি।’

    তবে ভবিষ্যতের বিষয়ে তিনি সতর্ক করেছেন। তাঁর মতে, এআই খাতে মূলধনি ব্যয়ের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে কমে গেলে যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ড ইয়িল্ড বা মূল্যস্ফীতি সমন্বিত মুনাফার হার কমে যেতে পারে। একই সঙ্গে মার্কিন শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের প্রবাহ দুর্বল হতে পারে। এতে ডলারের শক্তিশালী অবস্থানের দুটি গুরুত্বপূর্ণ ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে।

    এআইয়ের সম্ভাবনার পাশাপাশি বাড়ছে বিপদের আশঙ্কা

    লক্ষণীয় বিষয় হলো, ওয়ার্শ তাঁর সাম্প্রতিক বক্তৃতায় এআইয়ের সম্ভাব্য সুফলের চেয়ে ঝুঁকির ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন।

    চলতি বছরের শুরুতে তিনি প্রায়ই এআইয়ের উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলতেন। তাঁর যুক্তি ছিল, এআই অর্থনীতির প্রবৃদ্ধির সক্ষমতা বাড়াতে পারে, যার ফলে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণে তুলনামূলক বেশি স্বাধীনতা পাবে। কিন্তু এখন তাঁর বক্তব্যে সতর্কতার সুর স্পষ্ট।

    ওয়ার্শ বলেন, ‘কোনো প্রযুক্তিগত রূপান্তরই ঝুঁকিমুক্ত নয়। আর এ ক্ষেত্রে ঝুঁকিগুলো উপেক্ষা করা হলে তা অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং এর মূল্যও হতে পারে অত্যন্ত বেশি।’

    প্রধান উদ্বেগগুলোর একটি হলো, এআইকে ঘিরে তৈরি হওয়া অসাধারণ আশাবাদ একসময় অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।

    বছরের পর বছর বিপুল বিনিয়োগ এবং শেয়ারের মূল্যায়ন দ্রুত বাড়ার পর প্রত্যাশিত মুনাফা না এলে এআই-সংশ্লিষ্ট সম্পদের দামে বড় ধরনের সংশোধন ঘটতে পারে। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর অর্থনীতিতে, যার পরিণতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বেকারত্ব বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

    এসব উদ্বেগের কারণেই ফেডারেল রিজার্ভ এখন এআই-সংশ্লিষ্ট বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আর্থিক চাপ সহনশীলতার পরীক্ষা বা স্ট্রেস টেস্ট পরিচালনা করছে।

    ফেডারেল রিজার্ভের গভর্নর মাইকেল বারও চলতি সপ্তাহে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তাঁর উদ্বেগের কেন্দ্রে রয়েছে এআই খাতের সঙ্গে আর্থিক ব্যবস্থার ক্রমবর্ধমান সম্পৃক্ততা।

    বার বলেন, ‘শেয়ারের মূল্যায়নের প্রশ্ন ছাড়াও এআই অবকাঠামো নির্মাণে ক্রমবর্ধমানভাবে ঋণের অর্থ ব্যবহার করা হচ্ছে।’

    তাঁর মতে, ‘উন্নত কম্পিউটিং খাতের ঋণ’ আর্থিক স্থিতিশীলতার জন্য তিনটি পথে হুমকি তৈরি করতে পারে। এগুলো হলো এআই কোম্পানিগুলোর ঋণ গ্রহণ দ্রুত বৃদ্ধি, ক্রমবর্ধমান চক্রাকার অর্থায়নব্যবস্থা এবং এই খাতকে ঘিরে জটিল আর্থিক দায়বদ্ধতার বিস্তৃত নেটওয়ার্ক।

    বার বলেন, ‘এআই বিনিয়োগের মূল্যায়নে বড় ধরনের সংশোধন ঘটলে অর্থায়নের এই তিনটি দিক থেকে তৈরি হওয়া চাপ সেই সংশোধনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।’

    তিনি জানান, এআই খাতের বৃহত্তম সাতটি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যালান্স শিটে থাকা ঋণের পরিমাণ চলতি বছর দ্রুত বেড়েছে। বছরের শেষ নাগাদ তা ৮০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

    বার সতর্ক করে বলেন, ‘এই প্রতিষ্ঠানগুলোর ঋণ বৃদ্ধির প্রবণতা ১৯৯০-এর দশকের শেষ এবং ২০০০-এর দশকের শুরুর টেলিযোগাযোগ খাতের বিনিয়োগচক্রের কথা মনে করিয়ে দেয়।’

    তবে নীতিনির্ধারকেরা যখন আর্থিক ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন, বিনিয়োগকারীরা তখন আরেকটি সম্ভাবনার দিকে ক্রমেই বেশি মনোযোগ দিচ্ছেন। সেটি হলো, এআই খাতে মন্দা দেখা দিলে তার প্রভাব শেষ পর্যন্ত ডলারের ওপরও পড়তে পারে।

    নর্ডিয়ার বিশ্লেষক কির্স্টি সুন্দে মিডটুন বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার নিজস্ব হিসাবে এবং অন্যান্য বাজারের তুলনায় অত্যন্ত ভালো মুনাফা দিয়েছে। এটি ডলারকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।’

    তবে তাঁর মতে, সমস্যাটি হলো এসব প্রতিষ্ঠানের লাভজনক হয়ে ওঠার পথ এখনো অনিশ্চিত।

    তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটলে ডলারও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে।’

    ওয়াল স্ট্রিটের উত্থানেই কি নির্ভর করছে ডলারের ভবিষ্যৎ?

    এআইয়ের নেতৃত্বে মার্কিন শেয়ারবাজারে যে উত্থান ঘটেছে, তা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিদেশি মূলধন আকর্ষণ করেছে।

    বিদেশি বিনিয়োগকারীরা এআই-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কেনার জন্য নিজেদের দেশের মুদ্রা ডলারে রূপান্তর করছেন। এর ফলে ডলারের চাহিদা বেড়েছে এবং মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থান বজায় রাখতে সহায়তা করেছে।

    এই প্রবণতা ওয়াল স্ট্রিট ও ডলার—উভয়কেই এআই খাতের বাণিজ্যিক সাফল্যের ওপর অনেক বেশি নির্ভরশীল করে তুলেছে।

    মিডটুন বলেন, ‘এআই শিল্পের আয়ের একটি বড় অংশ আসে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান এবং তাদের ক্রমবর্ধমান ডেটা সেন্টারের চাহিদা থেকে।’

    কিন্তু এসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখনো বিপুল লোকসানে পরিচালিত হচ্ছে।

    লাভজনক অবস্থায় পৌঁছানোর আগেই যদি তাদের মূলধন সংগ্রহের সুযোগ সংকুচিত হয়, তাহলে এআই সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে চাহিদা দ্রুত কমে যেতে পারে। এর প্রভাবে কোম্পানিগুলোর আয়, শেয়ারের মূল্যায়ন এবং শেষ পর্যন্ত ডলারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

    তবে অন্য বিশ্লেষকদের যুক্তি, এআইয়ের অর্থনৈতিক অবদান সরকারি পরিসংখ্যানে যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি হতে পারে।

    কাউন্সিল অন ফরেন রিলেশনসের মেরি কেট গডফ্রের মতে, প্রচলিত হিসাবপদ্ধতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআইয়ের অবদান সম্ভবত কম দেখানো হচ্ছে।

    কারণ, এআই বিপ্লবকে এগিয়ে নেওয়া যন্ত্রপাতির বড় অংশ আমদানি করা হয়। আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি হিসাব করার সময় আমদানির মূল্য বাদ দেওয়া হয়।

    গডফ্রের উদ্ধৃত ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এই হিসাবগত প্রভাব বাদ দিলে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ২ দশমিক ৩ শতাংশের পরিবর্তে ৩ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারত।

    এআই খাতে বিনিয়োগের ফলে ডেটা সেন্টার নির্মাণেও ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

    তবে এর সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায়নি।

    গডফ্রে বলেন, ‘নিম্ন আয়ের অনেক পরিবার শেয়ারবাজারের উত্থান থেকে লাভবান হয়নি। তারা এখনো উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানির দাম এবং মজুরির ধীর প্রবৃদ্ধির কারণে সংগ্রাম করছে।’

    এদিকে এআইয়ের মাধ্যমে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার পূর্ণ প্রতিফলনও এখনো দেখা যায়নি।

    কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো ভিন নগুয়েন বলেন, ‘আমি মনে করি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এই প্রযুক্তিগুলোর ব্যাপক বিস্তারের মাধ্যমে। তবে সেই সুফল পুরোপুরি পেতে আরও পাঁচ থেকে আট বছর সময় লাগবে।’

    সম্প্রতি ম্যাককিনসির এক গবেষণায় অনুমান করা হয়েছে, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রে ৬০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ কর্মসংস্থান এআইয়ের কারণে স্থানচ্যুত হতে পারে।

    অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল শেষ পর্যন্ত কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। বিশেষ করে নতুন কর্মজীবনে প্রবেশ করা কর্মীদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে।

    আপাতত অবশ্য আর্থিক বাজারগুলো এআইয়ের সম্ভাব্য ইতিবাচক দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

    বার্কলেসের কৌশলবিদ থেমিস্টোক্লিস ফিওটাকিসের মতে, ২০২৭ সাল পর্যন্ত এআই খাতে মূলধনি ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদ ও ডলার উভয়ই সমর্থন পাবে।

    স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্টিভেন ইংল্যান্ডারের যুক্তি তুলনামূলক সরল। উদ্ভাবনের ফলে উৎপাদনশীলতা বাড়লে কোম্পানিগুলোর মুনাফাও বাড়বে। একই সঙ্গে অর্থনীতির ভারসাম্যমূলক সুদের হার বৃদ্ধি পাবে। এর ফলে আন্তর্জাতিক মূলধনের প্রবাহ যুক্তরাষ্ট্রের দিকেই অব্যাহত থাকবে।

    কিছু বিশ্লেষকের মতে, এই পরিবর্তনের তাৎপর্য আরও গভীর।

    ডয়চে ব্যাংকের কৌশলবিদ মল্লিকা সচদেবার যুক্তি, যুদ্ধ-পরবর্তী বিশ্ব অর্থনীতির বড় একটি সময়কে প্রভাবিত করা পেট্রোডলার কাঠামোর জায়গায় এখন ক্রমেই গুরুত্ব পাচ্ছে ‘চিপ ডলার’।

    তিনি লিখেছেন, ‘ডলারের আধিপত্যের চালিকাশক্তি হিসেবে চিপের উত্থানকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মূল উৎসে পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। ভূরাজনৈতিক নেতৃত্ব থেকে প্রযুক্তিগত নেতৃত্বের দিকে এই পরিবর্তন ঘটছে।’

    এআই বিনিয়োগে ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?

    সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এআই খাতের বিনিয়োগচক্র যদি হোঁচট খায়, তাহলে কী ঘটবে?

    এআই পণ্য ও সেবার চাহিদা যদি প্রত্যাশা অনুযায়ী না বাড়ে? কোম্পানিগুলো যদি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে ব্যর্থ হয়?

    কিংবা হোয়ার্টন স্কুলের অধ্যাপক জেসিকা ওয়াচটারের আশঙ্কাই যদি সত্যি হয় এবং বর্তমান এআই অবকাঠামো নির্মাণের এই বিপুল বিনিয়োগ শেষ পর্যন্ত ‘ইতিহাসের বৃহত্তম মূলধন অপব্যবহার’ হিসেবে চিহ্নিত হয়?

    এসব ঝুঁকির প্রভাব কেবল সিলিকন ভ্যালিতে সীমাবদ্ধ থাকবে না।

    ডলারের শক্তিশালী অবস্থান ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য অর্থনীতির জন্য ক্রমবর্ধমান চাপের উৎস হয়ে উঠেছে।

    ব্যাংক অব আমেরিকার বৈশ্বিক গবেষণা বিভাগের মাইকেল হার্টনেট সতর্ক করেছেন, ডলারের মূল্য আরও বাড়তে থাকলে তা বৈশ্বিক আর্থিক বাজারের জন্য একটি ‘ধ্বংসাত্মক শক্তি’ হয়ে উঠতে পারে।

    ম্যানুলাইফ জন হ্যানকক ইনভেস্টমেন্টসের এমিলি রোল্যান্ড বলেন, ডলার শক্তিশালী হলে সাধারণত বিশ্বজুড়ে আর্থিক পরিস্থিতি আরও কঠোর হয় এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হয়।

    এশিয়ার অর্থনীতিগুলোতে এই প্রবণতা বিশেষভাবে দৃশ্যমান।

    ওয়ার্শের নেতৃত্বে ফেডারেল রিজার্ভের তুলনামূলক কঠোর মুদ্রানীতি পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে।

    গত মে মাসে জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হওয়ার পর ওয়ার্শ প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছেন।

    যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো ৩ দশমিক ৭ শতাংশে রয়েছে। একই সঙ্গে শ্রমবাজারের দৃঢ়তা অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর ধরে রেখেছে। ফলে ফেডারেল রিজার্ভের পক্ষে সুদের হার কমানোর সুযোগ সীমিত।

    এশিয়ার জন্য এর পরিণতি ক্রমেই উপেক্ষা করা কঠিন হয়ে উঠছে।

    জাপানের ইয়েন, ভারতের রুপি এবং ইন্দোনেশিয়ার রুপিয়াহর মতো মুদ্রাগুলো তীব্র চাপের মুখে পড়েছে। একই সঙ্গে ফিলিপাইনের পেসো ও থাইল্যান্ডের বাতও দুর্বল হয়েছে।

    এই পরিস্থিতির অভিন্ন কারণ হলো ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা মার্কিন ডলার। এর ফলে টোকিও থেকে জাকার্তা পর্যন্ত নীতিনির্ধারকদের প্রায় সার্বক্ষণিক সতর্ক থাকতে হচ্ছে।

    এর সঙ্গে ইরান সংঘাত ঘিরে অনিশ্চয়তা যুক্ত হওয়ায় ডলারের আকর্ষণ আরও শক্তিশালী হচ্ছে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যিই বিশ্ব অর্থনীতিকে আমূল বদলে দেবে কি না, তা নিয়ে বিতর্ক এখনো চলছে। কিন্তু আর্থিক বাজারগুলো ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

    ডলার ক্রমেই এআইনির্ভর একটি মুদ্রায় পরিণত হচ্ছে। আর ২০২৭ সালের সবচেয়ে বড় ঝুঁকি সম্ভবত এআইয়ের এই বিপুল সম্ভাবনা বাস্তবায়িত না হলে কী ঘটবে, সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক একীভূতকরণ উদ্যোগ: আস্থা ফিরবে নাকি বাড়বে অস্থিরতা?

    নভেম্বর 20, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ২৩ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ প্রকল্প কি শেষ পর্যন্ত ডুবতে চলেছে?

    নভেম্বর 20, 2026
    আন্তর্জাতিক

    আমাজনের গহিন থেকে বেরিয়ে এল বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী, খাবার চেয়ে ধরা দিল বিপন্নতার ছবি

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.