ভারত সফরে গিয়ে তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগা ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। কিন্তু তাঁর সেই ইচ্ছায় সাড়া দেয়নি ভারত সরকার। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নির্ধারিত বৈঠকে অংশ নিতেই তাঁকে সফরের অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকের বাইরে কোনো ব্যক্তিগত কর্মসূচির সুযোগ থাকবে না বলে পাকিস্তানের এই মন্ত্রীকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় গত ২০ নভেম্বর শুরু হয়েছে এসসিওর প্রথম সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম। আয়োজনটি চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতেই ভারতে গেছেন মুসাদ্দিক মালিক। সফরের ফাঁকে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগা দেখার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত কর্মসূচির বাইরে তাঁর ব্যক্তিগত সফরের অনুমতি দিতে রাজি হয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে। তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি পাকিস্তানের এই মন্ত্রী। ফলে তাঁর ভারত সফর কার্যত নির্ধারিত বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
মুসাদ্দিক মালিকের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে গোয়ায় এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফরে গেলেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
এর আগে গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্য দেশকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে পাকিস্তানও ছিল। পরে মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সরকার। ইসলামাবাদ জানায়, পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এবং এসসিওর কাঠামোর মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে তারা আগ্রহী।
২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে এসসিও প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ পায়। পরে ২০২৩ সালে ইরানও এর সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে সংস্থাটির সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসেও সংস্থাটির রাষ্ট্রপ্রধানদের পরিষদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিতে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।

