মিডল ইস্ট আই
গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখা উচিত।
ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব মন্তব্য করেন। সেখানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান ও পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।’
তিনি যুক্তি দেন, ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে। অন্য দেশের অগ্রাধিকার অনুযায়ী পররাষ্ট্রনীতি পরিচালনার পরিবর্তে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে উপযোগী অস্ত্র কেনার স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত।
আলোচনায় রাহুল গান্ধী গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত নিন্দা জানান। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার কঠোর সমালোচনা করে বলেন, বেসামরিক মানুষকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি অন্যদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নয়; বরং আমাদের নিজেদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।’
তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে থাকা রাহুল গান্ধী পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই আলোচনার ভিডিও প্রকাশ করেন। সেখানেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
রাহুল গান্ধী যেদিন এসব মন্তব্য করেন, সেদিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপিত বারাক পয়েন্ট-ডিফেন্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা আধুনিকায়নের জন্য এ চুক্তি করা হয়েছে।
১৮ নভেম্বর স্বাক্ষরিত চুক্তিটির আওতায় হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন এবং পুরোনো ও অচল হয়ে পড়া যন্ত্রাংশ ব্যবস্থাপনার কাজ করা হবে।
রাহুল গান্ধীর মন্তব্যের সময়ও তাৎপর্যপূর্ণ। কারণ, এটি দেখিয়ে দিচ্ছে যে ভারতের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন অংশে ইসরায়েলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক কতটা গভীরভাবে প্রতিষ্ঠিত।
চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেব্রাইটের কাছ থেকে মোবাইল ফোন আনলক করার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন।
কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যেও ইসরায়েলি প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহের সরঞ্জাম কেনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা।
প্রতিশোধমূলক ব্যবস্থার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অধিকারকর্মী বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা করছেন।
ওই অধিকারকর্মী বলেন, ‘একদিকে তিনি বলছেন, ভারতের জন্য যা ভালো, তার ভিত্তিতেই দেশটির পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত। অন্যদিকে তিনি ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে ইসরায়েলের প্রকৃত চেহারা পুরোপুরি উন্মোচিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্কের প্রয়োজন ইসরায়েলেরই বেশি, উল্টোটা নয়।’
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা বলেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে গাজার গণহত্যাকে রাহুল গান্ধী যেভাবে সমতুল্য হিসেবে উপস্থাপন করেছেন, তা ‘জঘন্য’।
অপূর্বানন্দ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে—এসবই সত্য। কিন্তু এ ধরনের সম্পর্ক শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর সেটিই বলা উচিত ছিল।’
ইসরায়েলের সঙ্গে ভারতের গভীরতর সম্পর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে মোদি ইসরায়েল সফর করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। তাঁর ভাষায়, ভারত এমন একটি দেশ, যেখানে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যতিক্রমী মাত্রায় শক্তিশালী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রকাশিত এক প্রতিবেদনে নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং তাঁর ভাষায় ‘বৈধতা খর্ব করার প্রচেষ্টার’ মুখোমুখি হলেও ভারতে দেশটির প্রতি ‘অবিশ্বাস্য রকমের সমর্থন, সত্যিই অবিশ্বাস্য’ রয়েছে।
গত জুলাইয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের চালান পাঠানো হয়েছে।
এসব চালানে কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের বিভিন্ন যন্ত্রাংশ অন্তর্ভুক্ত ছিল।
অ্যামনেস্টির প্রতিবেদনে সতর্ক করা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হওয়ার ক্রমবর্ধমান প্রমাণ সামনে আসার পরও ভারত সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে দেশটিকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।
যদিও কংগ্রেসের কয়েকজন নেতা গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মোদি সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন, তবুও দলটি এখন পর্যন্ত ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায়নি। একইভাবে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় ভারতের যোগ দেওয়ার দাবিও তোলেনি।
ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ১৯৯২ সালের জানুয়ারিতে। সে সময় দেশটির ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।
তবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে। আশির দশকে রাজীব গান্ধী ইসরায়েলের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন।
১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরায়েলের প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন রাজীব গান্ধী। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে শীর্ষ নেতাদের মধ্যে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ।
এমনকি রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলেই ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল।

