একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আপিল বিভাগের রিভিউ আবেদন খারিজের সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে। ওই আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় প্রায় এক বছর পর। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি আবার আলোচনায় এসেছে।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে উদ্ধৃত করে কাদের মোল্লার ফাঁসি নিয়ে একটি বক্তব্য প্রকাশিত হয়। সেখানে বলা হয়, সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি।
কাদের মোল্লার রায় নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যের সত্যতা নিয়ে বিতর্কের পাশাপাশি নতুন করে সামনে এসেছে একটি আইনি প্রশ্ন। আপিল বিভাগে মৃত্যুদণ্ড বহাল থাকার পর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই কীভাবে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল?
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল বলেন, রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের আর কোনো নজির তাঁর জানা নেই। তবে জ্যেষ্ঠ আইনজীবী সরোয়ার আহমেদের মতে, সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করাকে সরাসরি বেআইনি বলা যাবে না। তাঁর ভাষ্য, সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে কোনো আসামির মুক্তির নজির থাকলে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রেও সেই আদেশের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা যায় না। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দণ্ড কার্যকর করা ভালো হতো।
এক বাক্যের আদেশ, কয়েক ঘণ্টার মধ্যে ফাঁসি
কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানি হয় তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
২০১৩ সালের ১২ ডিসেম্বর দুপুর ১২টা ৬ মিনিটে আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করেন। আদেশটি ছিল এক বাক্যের। একই দিন রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তখনো রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। ৩৪৮ দিন পর, ২০১৪ সালের ২৫ নভেম্বর সেই রায় প্রকাশ করা হয়। অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় এক বছর পর রিভিউ আবেদন খারিজের বিস্তারিত যুক্তি ও পর্যবেক্ষণ প্রকাশিত হয়।
ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান বলেন, রিভিউ আবেদন খারিজের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই অন্য কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকরের নজির বাংলাদেশে নেই। তাঁর মতে, কাদের মোল্লার ক্ষেত্রে সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
লেখক ও সাংবাদিক আহমেদ আল আমীন তাঁর ‘নোটবুকে কাদের মোল্লা: হাতকড়া টু ফাঁসির দড়ি’ বইয়ে রিভিউয়ের আদেশ ঘোষণার দিনের আদালতের পরিস্থিতি তুলে ধরেছেন। বইটির ৪৪ পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কয়েকটি শব্দে রিভিউ আবেদন খারিজ করেন।
আদেশ ঘোষণার পর আদালতকক্ষে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে আসে। পরে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদেশের অনুলিপি চান। আদালত জানায়, কোনো পর্যবেক্ষণ না থাকায় আলাদা অনুলিপির প্রয়োজন নেই। আদেশটি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
পরে বিচারপতিদের স্বাক্ষর শেষে আদেশের অনুলিপি সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। ওই দিন বিকেলেই এ প্রক্রিয়া শেষ হয়।
রিভিউ আবেদন নিয়ে আইনি বিতর্ক
কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে কি না, তা নিয়ে রিভিউ আবেদন নিষ্পত্তির আগে থেকেই আইনি বিতর্ক চলছিল। ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সরকারের আপিল মঞ্জুর করে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের পূর্ণাঙ্গ কপি ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
এর মধ্যে ১০ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়। আসামিপক্ষের যুক্তি ছিল, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। অন্যদিকে রাষ্ট্রপক্ষের দাবি ছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন প্রযোজ্য নয়।
১০ ডিসেম্বর সন্ধ্যার পর পরিবারের সদস্যরা কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করেন। কারাগারে ফাঁসি কার্যকরের প্রস্তুতিও চলছিল। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়। লাশ হস্তান্তরের জন্য কফিন আনা হয়। কাফনের কাপড় ও প্রয়োজনীয় সামগ্রীও কারাগারে নেওয়া হয়।
তবে শেষ মুহূর্তে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়। ওই রাতে আইনজীবীরা আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় গিয়ে আবেদন করেন। পরে চেম্বার আদালত ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেন।
এরপর ১১ ও ১২ ডিসেম্বর আপিল বিভাগে রিভিউ আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ১২ ডিসেম্বর আবেদনটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। ওই রাতেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রিভিউয়ের সুযোগ নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত
রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় লেখেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বেঞ্চের অন্য বিচারপতিরাও তাঁর সঙ্গে একমত হন।
ওই রায়ে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়েই এ আবেদন করতে পারবে। সাধারণ মামলায় রিভিউ আবেদনের সময়সীমা ৩০ দিন হলেও এ ধরনের মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তি করতে হবে। তবে রিভিউ আবেদন আপিলের সমপর্যায়ের নয়।
এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউয়ের সুযোগ আছে কি না, তা নিয়ে আইনজীবীদের মধ্যে চলা বিতর্কের অবসান হয়।
কাদের মোল্লার ছেলে হাসান জামিলের অভিযোগ, রিভিউ আবেদন খারিজের পর সরকার দ্রুত তাঁর বাবার মৃত্যুদণ্ড কার্যকর করে। রিভিউ আবেদন কেন খারিজ হয়েছিল, সেই পূর্ণাঙ্গ যুক্তি জানার আগেই তাঁর বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে আক্ষেপ করেন তিনি।
শাহবাগের আন্দোলনের পর আইনে পরিবর্তন
কাদের মোল্লার মামলার রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়। ওই বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায় প্রত্যাখ্যান করে তাঁর মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়। কর্মসূচি চলে ২৬ মার্চ পর্যন্ত।
আন্দোলনের সময় সরকারের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য এতে অংশ নেন। ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্দোলনের প্রতি সংহতি জানান।
তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আসামির খালাসের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সুযোগ ছিল না। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি আইন সংশোধন করে প্রসিকিউশনকে আপিলের সুযোগ দেওয়া হয়।
এরপর রাষ্ট্রপক্ষের আপিলের ভিত্তিতে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আসামিপক্ষের আপিল খারিজ করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর ছিল প্রথম ঘটনা। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। পরে ১৩ ডিসেম্বর রাত ৪টা ১০ মিনিটের দিকে ফরিদপুরের সদর উপজেলার আমিরাবাদে সরকারি কর্তৃপক্ষের উপস্থিতিতে তাঁর মরদেহ দাফন করা হয়।

