দ্য নিউইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন মেয়াদ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে। আর সেই শুরু থেকেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দিতে চান ডেমোক্র্যাটিক পার্টির নেতারা।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে দলটি অন্তত ২৫৮টি আসন নিশ্চিত করেছে, যা ১৯৯২ সালের পর তাদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা। সিনেটেও ১০০ আসনের মধ্যে ৫৬টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা।
এই নতুন কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, ইরান যুদ্ধকে তিনি ‘ইচ্ছাকৃত, বেপরোয়া ও ব্যয়বহুল’ সংঘাত হিসেবে দেখছেন এবং এর অবসানে কংগ্রেসের ক্ষমতা কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে ডেমোক্র্যাটরা আলোচনা করছেন।
যুদ্ধের খরচ নিয়ে জেফ্রিসের ক্ষোভ
শনিবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণেও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ পড়েছে বলে অভিযোগ করেন তিনি।
জেফ্রিসের ভাষায়, ‘জনগণকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার ক্ষেত্রে এই সংঘাত বন্ধ করার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। এটা আসলে শুরু হওয়াই উচিত ছিল না।’
তিনি জানান, নতুন কংগ্রেসে ইরান যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ সীমিত বা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।
মার্কিন কংগ্রেসের অন্যতম বড় ক্ষমতা হলো সরকারি ব্যয় অনুমোদন করা। সেই বাজেট ও ব্যয়সংক্রান্ত ক্ষমতা ব্যবহার করে যুদ্ধ পরিচালনায় অর্থের প্রবাহ সীমিত করার পথ খুঁজতে পারে নতুন ডেমোক্র্যাটিক নেতৃত্ব।
ফেব্রুয়ারিতেই যুদ্ধের বিরোধিতা করেছিলেন ডেমোক্র্যাটরা
গত ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর নির্দেশ দিলে হাউস ও সিনেটের বহু ডেমোক্র্যাট সদস্য এর বিরোধিতা করেছিলেন।
তবে সে সময় দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় ডেমোক্র্যাটদের আপত্তি কার্যকর রাজনৈতিক বাধা হয়ে উঠতে পারেনি।
নভেম্বরের নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা শুধু প্রতিনিধি পরিষদ নয়, সিনেটেও নিয়ন্ত্রণে থাকবে। ফলে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি, ব্যয় এবং সামরিক সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের নজরদারি ও চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
জেফ্রিসের মতে, যুদ্ধের ফলে ইরান দুর্বল হওয়ার বদলে আরও শক্ত অবস্থানে গেছে এবং মধ্যপ্রাচ্যের আগে থেকেই অস্থিতিশীল পরিস্থিতি আরও জটিল হয়েছে।
স্পিকার হওয়ার পথে জেফ্রিস
হাকিম জেফ্রিসকে ডেমোক্র্যাটিক পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মনোনয়ন দিয়েছে। দলীয় ভোটে তিনি ২৫১-১১ ব্যবধানে মনোনয়ন পান। তবে চূড়ান্তভাবে স্পিকার হতে হলে ৩ জানুয়ারি ২০২৭-এ পূর্ণ প্রতিনিধি পরিষদের ভোটে অন্তত ২১৮টি ভোট পেতে হবে।
ডেমোক্র্যাটদের বড় সংখ্যাগরিষ্ঠতার কারণে তিনি স্পিকার নির্বাচিত হওয়ার শক্ত অবস্থানে রয়েছেন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হবেন প্রথম কৃষ্ণাঙ্গ হাউস স্পিকার।
গাজা নিয়েও অবস্থান জানালেন
সাক্ষাৎকারে গাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন জেফ্রিস।
তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে মৃত্যু, ধ্বংস ও মানবিক বিপর্যয় নেমে এসেছে, তা ‘অগ্রহণযোগ্য, অসহনীয় এবং মার্কিন মূল্যবোধের পরিপন্থী’।
ফিলিস্তিন প্রশ্নে তিনি আবারও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান জানান।
জেফ্রিসের মতে, একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করতেই দুই রাষ্ট্রের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের দিকে নতুন করে অগ্রসর হওয়া প্রয়োজন।
ডেমোক্র্যাটরা জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, সরকারি নজরদারি এবং ট্রাম্প প্রশাসনের নীতির পাশাপাশি ইরান যুদ্ধও তাদের বড় রাজনৈতিক অগ্রাধিকারের একটি হয়ে উঠতে পারে।

