ভারতের পশ্চিমবঙ্গে নির্বিচার ও অবৈধ গরু জবাই ঠেকাতে বিদ্যমান আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ লক্ষ্যে নতুন একটি বিল আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রাজ্যে গোমাতা জবাই করতে দেব না। মন্ত্রিসভার সিদ্ধান্ত আপনারা নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারেন।’
তবে তাঁর বক্তব্য যে সব ধরনের জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বোঝায় না, সেটিও পরে স্পষ্ট করেন শুভেন্দু।
অনুমোদিত কসাইখানায় আইন মেনে জবাই করা এবং গোপনে বা বেআইনিভাবে গরু জবাই করা এক বিষয় নয় বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘কসাইখানার কার্যক্রম আর গোমাতাকে স্পর্শ করা এক বিষয় নয়। অনুমতি থাকলে কসাইখানায় জবাই করা যেতে পারে।’
গোশালায় বছরে ১ লাখ রুপি অনুদান
একই সঙ্গে বয়স্ক ও অসুস্থ গবাদিপশুর দেখভাল ও চিকিৎসায় নিবন্ধিত গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই সহায়তা কেন্দ্রীয় সরকারের ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’-এর সঙ্গে যুক্ত থাকবে। প্রকল্পটির লক্ষ্য দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ, জিনগত মানোন্নয়ন এবং দুধ উৎপাদন বাড়ানো।
শুভেন্দু জানান, রাজ্যের কিছু এলাকায় বিদ্যমান আইন অমান্য করে গোপনে গবাদিপশু জবাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে নতুন বিল আনা হবে।
তিনি বলেন, অবৈধ জবাইয়ের তথ্য পাওয়া গেলে যাতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সেই সুযোগ আরও শক্তিশালী করতেই নতুন আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
১৯৫০ সালের আইন আরও কঠোরভাবে প্রয়োগের কথা
শুভেন্দু অধিকারী ‘পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’-এর কথা উল্লেখ করে বলেন, বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
তিনি কলকাতা হাইকোর্টের আগের একটি পর্যবেক্ষণের কথাও তুলে ধরেন এবং জানান, গত কয়েক মাসে অবৈধ জবাইয়ের অভিযোগে একাধিক ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমান আইনে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণ না করে জবাই করা যায় না।
জবাইয়ের আগে সনদ বাধ্যতামূলক
২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশনা জারি করে।
সেখানে বলা হয়, গবাদিপশুকে জবাইয়ের উপযুক্ত ঘোষণা করে অনুমোদিত কর্মকর্তা ও সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ না পাওয়া পর্যন্ত জবাই করা যাবে না।
এই নিয়মের আওতায় রয়েছে গরু, ষাঁড়, বলদ, বাছুর, মহিষ ও মহিষের বাছুরসহ বিভিন্ন ধরনের গবাদিপশু।
সনদ পাওয়ার পর কেবল নির্ধারিত ও অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে। প্রকাশ্য স্থানে জবাই নিষিদ্ধ।
নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১ হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কলকাতা হাইকোর্টও মে মাসের ওই নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
বিরোধীদের সমালোচনা
মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
সিপিআই(এম) নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের বিরোধীদলীয় মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, বিজেপির কোনো নেতা যাতে গরুর মাংস রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত না থাকেন, সেটিও মুখ্যমন্ত্রীর নিশ্চিত করা উচিত।
তবে রাজ্য সরকারের বক্তব্য হলো, তাদের লক্ষ্য আইনসিদ্ধ কসাইখানার কার্যক্রম বন্ধ করা নয়; বরং গোপন, নির্বিচার ও আইনবহির্ভূত গবাদিপশু জবাইয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

