চীনের বাজারে প্রত্যাশিত হারে গাড়ি বিক্রি না হওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি। দেশটির চাংচুন শহরে অবস্থিত একটি কারখানা থেকেই চলতি বছর প্রায় ৫০ কোটি ইউরো বা ৫৫ কোটি ডলার লোকসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটের বরাতে সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাতা এফএডব্লিউ গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে কারখানাটি পরিচালনা করে অডি। সেখানে মূলত কিউ৬ ই-ট্রন ও এ৬ ই-ট্রন মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি হয়। হ্যান্ডেলসব্লাটের বরাতে রয়টার্স জানিয়েছে, কারখানাটির উৎপাদন সক্ষমতার ১০ শতাংশেরও কম এখন ব্যবহার হচ্ছে। উৎপাদন এত কমে যাওয়ায় কারখানার পরিচালন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।
অডি অবশ্য লোকসানের নির্দিষ্ট অঙ্ক নিয়ে মন্তব্য করেনি। তবে রয়টার্সকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনের প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ির বাজার কয়েক বছর আগে যে গতিতে বাড়বে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে সেই গতি পাওয়া যায়নি। এতে চাংচুন কারখানায় উৎপাদিত মডেলগুলোর উৎপাদন কমাতে হয়েছে।
চীনের বাজারে অডির সামগ্রিক বিক্রিও চাপে রয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে তাদের গাড়ি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে অডির সামগ্রিক ব্যবসায়ও। গত অক্টোবরেই চীনের বাজারের অবনতি এবং আন্তর্জাতিক বাজারে তীব্র মূল্য প্রতিযোগিতার কারণে ২০২৬ সালের আয় ও মুনাফার পূর্বাভাস কমিয়েছে প্রতিষ্ঠানটি।

