সৌদি আরবের রাজধানী রিয়াদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের দুই নাগরিক, ভারতের দুজন, নেপালের তিনজন এবং মিসরের চারজন রয়েছেন। তবে তাঁদের আঘাতের ধরন কিংবা শারীরিক অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে অনুমোদিত জরুরি পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকিও এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন।

