যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার ডিজিটাল ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। হামলার শিকার হয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইট। অনুপ্রবেশের মাত্রা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
তবে ফাঁস হওয়া তথ্যগুলো ‘আনক্লাসিফায়েড’ বা জাতীয় নিরাপত্তার গোপনীয়তার শ্রেণিভুক্ত নয় বলে জানা গেছে। অর্থাৎ এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপনীয়, অতি গোপনীয় কিংবা সর্বোচ্চ গোপনীয় তথ্যের শ্রেণিবিন্যাসের আওতায় পড়ে না। এ ধরনের তথ্য ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিশেষ নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।
নাম প্রকাশ না করে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হ্যাকারদের হাতে যেসব তথ্য পৌঁছেছে, সেগুলো আনক্লাসিফায়েড সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য ও সংবেদনশীল অভিযানসংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত ক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে- এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।
হ্যাকাররা কীভাবে সংশ্লিষ্ট সিস্টেমগুলোতে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা। তবে অনুপ্রবেশের প্রভাব সীমিত করা, ক্ষতিগ্রস্ত নেটওয়ার্কগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
সিআইএ ও ওডিএনআই মূলত ক্লাসিফায়েড এবং আনক্লাসিফায়েড- দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। এর মধ্যে ক্লাসিফায়েড সিস্টেমে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল বিষয় ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংরক্ষণ করা হয়।
অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনার কাজে আনক্লাসিফায়েড নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
এসব নেটওয়ার্কের সঙ্গে বাইরের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেটনির্ভর প্ল্যাটফর্মের সংযোগ রয়েছে। ফলে তুলনামূলকভাবে বিস্তৃত সাইবার নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে এসব ব্যবস্থা।
ঘটনার তদন্তে নেমেছেন কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আক্রমণকারীরা কীভাবে নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পেয়েছে এবং কী ধরনের তথ্য তাদের কাছে উন্মুক্ত হয়ে থাকতে পারে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।
তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা, অনুপ্রবেশের প্রভাব নিয়ন্ত্রণে আনা এবং ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংস্থা দুটি সহায়তা করছে।
তবে এই সাইবার হামলার পেছনে কোনো নির্দিষ্ট দেশ কিংবা হ্যাকার গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি মার্কিন কর্মকর্তারা।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোয় ধারাবাহিক সাইবার হামলার খবর পাওয়া যাচ্ছে। সিআইএ ও ওডিএনআইয়ের ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনা সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন।
সম্প্রতি এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের তথ্য জানিয়েছে। অপরাধীদের রেকর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ডেটাবেইস ব্যবহার করে থাকে। চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট সিস্টেমে সাইবার অনুপ্রবেশের এটি দ্বিতীয় ঘটনা বলে জানা গেছে।
সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ও (ইউএসডিএ)। কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি প্রদান এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনার কাজে ব্যবহৃত একটি সিস্টেম এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার তদন্ত চলাকালে ক্ষতিগ্রস্ত কয়েকটি সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখে মন্ত্রণালয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া ইলিনয় অঙ্গরাজ্যের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধেও একটি সাইবার নিরাপত্তাসংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ঘটনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

