বিবিসি
ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে সংবাদমাধ্যমটি। এসব তথ্যে যুদ্ধের কারণে রাশিয়ায় মৃত্যুর ধরন, বয়সভিত্তিক প্রাণহানি এবং অঞ্চলভেদে যুদ্ধের প্রভাবের ব্যাপক চিত্র উঠে এসেছে।
২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় সংঘটিত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে বিবিসি। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠীর সাইবার হামলার মাধ্যমে এসব তথ্য ফাঁস হয়েছে। রসস্ট্যাট তাদের সিস্টেমে সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার দাবি অস্বীকার করেছে।
ফাঁস হওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করতে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে কাজ করেছে বিবিসি। যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত বিভিন্ন সূত্রের মাধ্যমে সংগ্রহ করা নিহত রুশ সেনাদের তালিকার সঙ্গে রসস্ট্যাটের তথ্য মিলিয়ে দেখা হয়েছে। এতে দুটি তালিকার প্রায় ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে।
ফাঁস হওয়া পরিসংখ্যানে রাশিয়ার তরুণ জনগোষ্ঠীর ওপর যুদ্ধের ব্যাপক প্রভাবের চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে দেশটিতে মারা যাওয়া ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৬৫ শতাংশের মৃত্যুর কারণ ছিল ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ছিল ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের তুলনায় হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা বেশি ছিল।
ইউক্রেনের বিভিন্ন এলাকা দখলের লড়াইয়ে রাশিয়ার সামরিক প্রাণহানির চিত্রও উঠে এসেছে এসব তথ্যে। যুদ্ধের আগে সম্মিলিতভাবে মাত্র ১২ হাজার মানুষের বসবাস ছিল, এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা নামের ছোট একটি গ্রাম দখলের লড়াইয়েই নিহত হয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। অথচ যুদ্ধ শুরুর আগে গ্রামটির মোট জনসংখ্যা ছিল মাত্র ৭৪ জন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার সামরিক প্রাণহানির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। প্রায় দুই বছর আগে বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশও বন্ধ করে দেয় রসস্ট্যাট। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রাণহানির প্রকৃত ব্যাপ্তি নির্ধারণে এসব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
যেভাবে মিলল প্রায় পাঁচ লাখ মৃত্যুর হিসাব
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যভাণ্ডারে মৃত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি। তবে তাঁদের বয়স, বসবাসের ঠিকানা, মৃত্যুর স্থান এবং কী পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, সেসব তথ্য সংরক্ষিত রয়েছে।
প্রাণহানির হিসাব নির্ধারণে প্রথমে ইউক্রেন এবং ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘটিত মৃত্যুর তথ্য আলাদা করে বিবিসি। এরপর বিস্ফোরণ, যুদ্ধকালীন আঘাতসহ সামরিক কর্মকাণ্ডসংশ্লিষ্ট বিভিন্ন কারণে মৃত্যুর ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি রেকর্ড শনাক্ত করা হয়।
তবে এসব রেকর্ডে বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে নারীদের পাশাপাশি ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী পুরুষদের তথ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে বসবাস করতেন এবং সেখানেই মারা গেছেন, এমন ব্যক্তিদেরও বেসামরিক হিসেবে হিসাবের বাইরে রাখা হয়। তবে তাঁদের রেকর্ডে সামরিক বাহিনীতে কর্মরত থাকার তথ্য পাওয়া গেলে তা বাদ দেওয়া হয়নি।
পরবর্তী সময়ে মৃত ব্যক্তিদের পেশাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি রেকর্ড শনাক্ত করা হয়। পাশাপাশি আদালতের রায়ের মাধ্যমে মৃত হিসেবে নথিভুক্ত আরও ৫১ হাজার ৬৭টি রেকর্ড পাওয়া যায়।
যুদ্ধক্ষেত্রে কোনো সেনা ছয় মাসের বেশি সময় নিখোঁজ থাকলে এবং তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব না হলে অনেক ক্ষেত্রে আদালতের মাধ্যমে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এসব রেকর্ডে বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্তি এড়াতে কেবল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধক্ষেত্রসংশ্লিষ্ট মৃত্যুর তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য যাচাই করে বিবিসির রুশ ভাষা বিভাগ এবং মিডিয়াজোনা এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করেছে। তবে নিহত সব সেনার তথ্য প্রকাশ্যে আসে না। ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
বিবিসির বিশ্লেষণে নিহত রুশ সেনাদের বয়সের পরিবর্তনের চিত্রও উঠে এসেছে। যুদ্ধের প্রথম বছরে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। পরবর্তী সময়ে কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করার পর ২০২৫ সালে নিহতদের গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। তবে বিবিসির নিজস্ব তালিকায় নিহত রুশ সেনাদের গড় বয়স ৩৮ বছর।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার তুলনামূলক দরিদ্র অঞ্চলগুলোতে সামরিক প্রাণহানির হার অনেক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের ইউক্রেন যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের সঙ্গে বিবিসির নিজস্ব অনুসন্ধানের ফলাফলেরও উল্লেখযোগ্য সামঞ্জস্য রয়েছে। রাশিয়ার অধিকাংশ অঞ্চলে প্রাণহানির যে বণ্টন পাওয়া গেছে, বিবিসির নিজস্ব তালিকার সঙ্গে তার পার্থক্য মাত্র কয়েক দশমিক শতাংশ।
রাশিয়ার পক্ষে লড়াইয়ে বিদেশিদের প্রাণহানি
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া বিদেশি নাগরিকদের প্রাণহানির তথ্যও উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে। রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক।
তবে বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কায় এই হিসাব থেকে ইউক্রেনীয় নাগরিকদের বাদ দেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকদের প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের রসস্ট্যাটের নথিতে রুশ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্যও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নেই।
স্যাটেলাইট চিত্র এবং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে ২ হাজার ৩০৪ জন নিহত উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে বিবিসি।
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য সম্পূর্ণ না হলেও বিবিসির নিজস্ব অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে তা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক প্রাণহানির একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
সামরিক বিশেষজ্ঞদের ধারণা, উন্মুক্ত সূত্রের মাধ্যমে বিবিসির নিশ্চিত করা ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু প্রকৃত সামরিক প্রাণহানির ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সেই হিসাবে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
প্রায় চার বছর ১০ মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক প্রাণহানি ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান যুদ্ধের প্রাণহানির সংখ্যাকেও অনেক ছাড়িয়ে গেছে।
অন্যদিকে ২০২৬ সালের জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধে তাঁর দেশের প্রায় ৫০ হাজার সেনা নিহত হয়েছেন। তবে ইউএ লসেস নামের একটি বেনামি ওয়েবসাইট উন্মুক্ত বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ বলে জানিয়েছে।

