মার্কিন ডলারের বিপরীতে আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। দেশটির খোলাবাজারে মঙ্গলবার প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৫৬ হাজার রিয়ালে। এর মধ্য দিয়ে ডলারের বিপরীতে রিয়ালের দাম নতুন করে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এর আগে সোমবার ইরানের বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের কথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়।
ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক ইরানের বিভিন্ন সংস্থাকে আন্তর্জাতিক আর্থিক লেনদেন পরিচালনা এবং বিদেশি মুদ্রা সংগ্রহে সহায়তা করে। নতুন নিষেধাজ্ঞার ফলে দেশটির বৈদেশিক মুদ্রাবাজারে চাপ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে ইরান। এর সরাসরি প্রভাব পড়ছে দেশটির জাতীয় মুদ্রার বিনিময়মূল্যে। ডলারের বিপরীতে রিয়ালের ধারাবাহিক দরপতন দেশটির অর্থনৈতিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
এর আগে গত সেপ্টেম্বরেও ডলারের বিপরীতে রিয়ালের দাম কমে প্রতি ডলারে ২৫ লাখ রিয়াল ছাড়িয়ে গিয়েছিল। এবার সেই সীমা অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

