বিবিসি বাংলা
দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্রভাগ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান। তার পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে একমাত্র তারই নাম চলতি বছরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে। এর ফলে তিনি তার ভোটাধিকার হারিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং নাগরিকত্বের সঙ্গে যুক্ত তার সমস্ত পরিচয়পত্র জমা দিয়েছেন। তার মামলা এখনও বিচারাধীন।
কিন্তু গত বুধবার রাতে তার বাড়িতে একজন পুলিশ অফিসার এবং কয়েকজন সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক আসেন। তারা তার কাছে নাগরিকত্বের নথিপত্র দেখতে চান।
চলতি সপ্তাহের শুরু থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা বাদ পড়া ভোটারদের নথি যাচাইয়ের কাজে যুক্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মীদের দাবি, কোথাও পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নথি দেখতে চাইছে, কোথাও আবার বাদ পড়া ভোটারদের থানায় আসার নোটিশ দেওয়া হচ্ছে। আবার কোথাও পুলিশ শিবির করে একটি গোটা এলাকার ডিলিটেড ভোটারদের নথি যাচাই করছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের ইতিহাসে কোথাও পুলিশ স্বাধীনভাবে নাগরিকত্ব যাচাইয়ের অভিযান চালায়নি।
মি. রহমান বলেছেন, “পুলিশ আমাকে বললেন, পরের দিন সকাল থেকে পাড়ায় তারা একটি শিবির চালু করবেন। সেখানে যাদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের আবার নথিপত্র জমা দিতে হবে। সেগুলি পুলিশ যাচাই করবে।”
তার বক্তব্য, পুলিশের কাছে একটি ‘চেকলিস্ট’ রয়েছে, যেখানে বিভিন্ন নথিপত্রের তালিকা উল্লেখ করা আছে। প্রতিটি নথির পাশে ‘হ্যাঁ/না’ লেখা রয়েছে। একজন বাদ পড়া ভোটার পুলিশের কাছে যে নথি জমা দিচ্ছেন, সেই অনুযায়ী তালিকাটি চিহ্নিত করা হচ্ছে।
মি. রহমানের স্ত্রী বিলকিস বেগম নির্বাচন কমিশনের একজন বুথ স্তরের কর্মকর্তা। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তার দায়িত্ব ছিল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেওয়া এবং সেগুলি সংগ্রহ করা। কিন্তু পুলিশের মাধ্যমে ফের নথি যাচাইয়ের এই নতুন অভিযান সম্পর্কে তিনিও অবগত ছিলেন না।
তিনি বলছেন, অনেকেই তার কাছে ফোন করে এই নতুন নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি তাদের কোনও সদুত্তর দিতে পারছেন না।
“বাদ পড়া ভোটারদের নতুন করে পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়াটি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বেশির ভাগ সময় দেখা যাচ্ছে, পুলিশ সন্ধ্যেবেলা বা রাতে মানুষের বাড়ি যাচ্ছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর গ্রামের মানুষ এমনিতেই আতঙ্কিত। এই অবস্থায় হঠাৎ পুলিশ বাড়িতে এলে তারা আরও বিভ্রান্তির মধ্যে পড়ছেন। বার বার একই নথিপত্র জমা দিয়ে, জেরক্স করে, লাইনে দাঁড়িয়ে যাচাই করিয়ে এতবার নিজেদের বৈধতা প্রমাণ করতে করতে মানুষ খুব বিরক্ত হয়ে উঠছেন।”
মি. রহমান প্রশ্ন তোলেন, “আমার পিতা-মাতা বৈধ ভোটার, আমার স্ত্রী বৈধ ভোটার। আমার ছেলে বৈধ ভোটার। তাহলে আমি কেন বৈধ হব না, আমার ত্রুটি কোথায়?”
প্রায় ১০০ কিলোমিটার দূরে মালদার মোথাবাড়ি থানা এলাকাতেও পরিস্থিতি প্রায় একই রকম। মোথাবাড়ি থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, গত তিন দিন ধরে গ্রামে গ্রামে গিয়ে পোলিং বুথ ধরে ধরে পুলিশকর্মীরা বাদ পড়া ভোটারদের নথি যাচাই করছেন।
স্থানীয়দের দাবি, শুক্রবার সকাল থেকে গ্রামের বিভিন্ন জায়গায় সিভিক পুলিশ স্বেচ্ছাসেবকরা পোস্টার লাগিয়েছেন। তাতে ভোটার হিসেবে বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথির তালিকা উল্লেখ রয়েছে:
১। “মা বাবার যদি ২০২৬ সালে ভোটার থাকে তাহলে তার নামের লিস্টের পাতার জেরক্স”
২। “১৯৮৭ সালের আগের বাবা/মা/দাদা/দিদি/নানা/নানির জমির দলিলের জেরক্স”
৩। “১৯৭১ সালের ভোটার লিস্টে মা/বাবা/দাদা/দিদি/নানা/নানির নামের লিস্ট”
৪। “২০০২ ভোটার লিস্ট”
৫। “ট্রাইবুনালে (আবেদনের) কপি”
৬। “ই-ভোটার কপি”
৭। “প্যান কার্ড”
৮। “জন্ম শংসাপত্র”
৯। “আধার কার্ড”
১০। “(বোর্ড পরীক্ষার) এডমিট কার্ড”
ইমাম হোসেন এবং জব্বার শেখ দুজনেই এই এলাকার বাদ পড়া ভোটার। তারা দুজনেই গ্রামের বিভিন্ন জায়গায় এই নথির তালিকা দেখতে পেয়েছেন।
মি. হোসেন বললেন, “আমি ট্রাইবুনালের আবেদনে সব জমা দিয়েছি: আমার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র, মা-বাবার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। আর কতবার এই কাগজ জমা দিতে হবে? আমাদের পরিবার এখানে দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই থাকছে। আমাদের জমির দলিলেও তার প্রমাণ আছে। আমার দাদুর নাম ১৯৫৫ সালের ভোটার তালিকাতেও আছে।”
মি. শেখ বললেন, “আমি সিভিক পুলিশকে জিজ্ঞেস করলাম, এই সব নথি থানায় গিয়ে জমা দিতে হবে কি না। তারা বলতে পারলেন না। এদিকে আমার আবেদন এখনও ট্রাইব্যুনালে আটকে, আমি সেই সিদ্ধান্ত এখনও পাইনি।”
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ট্রাইবুনালগুলোয় গত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা পড়েছে প্রায় ৩৮ লাখ ৩১ হাজার আবেদন। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৩.৩ শতাংশের মতো।
মোথাবাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বৃহস্পতিবার সকালে কয়েকজন পুলিশকর্মী এবং সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক যখন ভবাগাছি গ্রামে বাদ পড়া ভোটারদের কাছে নথি চাইতে যান, তখন গ্রামের লোকজন তাদের ঘিরে ধরে প্রশাসনিক আদেশপত্র দেখতে চান।
তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আনিসুর আলী খান বলেন, “গ্রামবাসীরা যখন পুলিশের কাছে সরকারি নোটিশ দেখতে চাইলেন, তখন তারা বলেন উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞেস করতে। তারপর আরও কয়েকজন পুলিশকর্মীকে ডেকে আমাকে আর কয়েকজন সমাজকর্মীকে ওখান থেকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটক করে রাখেন।”

ভোটার তালিকা এবং ট্রাইব্যুনাল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার নির্দেশ পুলিশের
পশ্চিমবঙ্গ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সপ্তাহে রাজ্যজুড়ে এসআইআর-এ নাম বাদ যাওয়া এবং নতুন করে নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত আবেদনের তথ্য বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা, পুলিশ জেলা এবং কলকাতা পুলিশ বাদে সকল পুলিশ কমিশনারেটের কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বর্তমানে বিভিন্ন এলাকায় এই প্রক্রিয়া চলছে।
তিনি জানান, একটি নির্দেশিকায় এসআইআর সংক্রান্ত শুনানি এবং ট্রাইব্যুনালে আবেদনের তথ্য খতিয়ে দেখে ৩০ নভেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের তরফে জারি করা ওই নির্দেশিকায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করতে বলা হয়েছে।
হুগলি রুরালের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং বলেন, “গত তিন-চার দিন ধরে পুলিশ প্রশাসনের ওপর মহলের নির্দেশ অনুযায়ী একটি প্রাথমিক অভিযান চালানো হচ্ছে। নাগরিকত্ব আইন অনুযায়ী বাদ পড়া ভোটারদের নথি যাচাই করা হচ্ছে।”
জলপাইগুড়ি পুলিশের একজন কর্মকর্তা জানান, “এটি একটি সাধারণ ভেরিফিকেশন ড্রাইভ। জন্ম শংসাপত্র, পাসপোর্ট, প্যান কার্ড, পরীক্ষার শংসাপত্রের মতো একাধিক নথি দেখা হচ্ছে।”
কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার কর্মকর্তারাও সমান কথা বলেছেন।
অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই বিষয়ে তাদের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি এবং তারা এই অভিযান সম্পর্কে অবগতও নন।
সংবাদমাধ্যমে শমীক ভট্টাচার্য্য বলেছেন, এই প্রক্রিয়াটি জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে করা হচ্ছে।
পাশাপাশি, নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ভোটাধিকার সংক্রান্ত যাদের মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হচ্ছে। বিশেষত, যে সমস্ত ব্যক্তি থানার কর্মকর্তাদের কাছ থেকে ফোন পেয়েছেন, তাদের ২৬ ও ২৭ নভেম্বরের মধ্যে থানায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

‘নাগরিকত্ব যাচাই করার অভিযান, বিশেষ করে বাঙালি মুসলিমদের’
অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটসের সাধারণ সম্পাদক রঞ্জিত সূরের অভিযোগ, পুলিশের এই অভিযান আসলে নাগরিকত্ব যাচাইয়েরই একটি প্রক্রিয়া।
মি. সূর বলেন, কয়েক মাস আগে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য অভিযান চালানো হলেও, গোটা রাজ্যজুড়ে এতটা পরিকল্পিতভাবে পুলিশি তৎপরতা আগে দেখা যায়নি।
তার কথায়, “পুলিশকর্মীরা যে নথিপত্রের তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, তার সঙ্গে আমাদের বর্তমান আইনে নাগরিকত্বের যে শর্তাবলি রয়েছে, তা তুলনা করলে বোঝাই যাচ্ছে যে তারা নাগরিকত্ব যাচাই করছেন। এই তালিকা টিপিক্যালি একটি নাগরিকত্ব চেকআপের তালিকা।”
তিনি প্রশ্ন তুলেছেন যে, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কীভাবে জন্ম শংসাপত্র, বোর্ড পরীক্ষার শংসাপত্র, পাসপোর্ট ইত্যাদির মতো পরিচয়পত্র সংগ্রহ করতে পারে।
নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে, সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, “পুলিশের কোনো এক্তিয়ার নেই। কে ভোটার হবে, কে ভোটার হবে না, এটার পুলিশের দেখার বিষয় নয়।…পুলিশকে বলতে হবে কোন অথোরিটি দিয়ে তারা নথি দেখতে চাইছে।”
মি. সূরের দাবি, বর্তমান সরকারের আমলে পুলিশকে দিয়ে এভাবে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব যাচাইয়ের ঘটনা আগে দেখা যায়নি। তিনি বলেন, “ভারতবর্ষে নাগরিকত্ব যাচাই করা একমাত্র রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজ।”
এর আগে কেন্দ্রীয় সরকার ফরেনার্স অ্যাক্ট সংশোধন করে নতুন আইন আনার পর প্রতিটি রাজ্যের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তার দাবি, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ওই কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া বা তাদের পুশ-ইন করার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা ছিল। তবে এখন রাজ্যের সমস্ত থানাকে যুক্ত করে যে মাত্রায় অভিযান চলছে, তা আগে দেখা যায়নি।
তার আরও অভিযোগ, পুলিশকর্মীরা তাদের কাছে এই অভিযানের সরকারি নির্দেশ রয়েছে বলে জানালেও, কেউ সেই নির্দেশিকা বা কোনও লিখিত নথি দেখাচ্ছেন না। তিনি বলেন, “তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কেউ কোনো কাগজ দেখাচ্ছে না।”
মি. সূর বলছেন, “মুসলিমদের মধ্যে এই অভিযান আরও বেশি আতঙ্ক তৈরি করেছে। তার একটা কারণ হতে পারে যে বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি আর মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে পুলিশের তৎপরতাও বেশি।”
তিনি জানান, গত মঙ্গলবার থেকে বিষয়টি তাদের বিশেষভাবে নজরে এসেছে। মালদা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে তারা এই ধরনের পুলিশি কার্যকলাপের খবর পেয়েছেন।
কোথাও সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে মানুষকে বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে, কোথাও ক্যাম্প করে নথি যাচাই করা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে বাড়িতে ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় যেতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা
বিজ্ঞপ্তিতে থানায় যাওয়ার সময় জন্ম শংসাপত্রের আসল ও জেরক্স কপি, অন্যান্য প্রয়োজনীয় আসল নথি এবং সেগুলির ফটোকপি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।
অন্যদিকে, এসআইআর-এ বাদ পড়া ভোটারদের নথি যাচাই করতে পুলিশের বাড়ি বাড়ি যাওয়া নিয়ে এবার নির্বাচন কমিশনকে চিঠি লেখে সিপিআই(এম) এবং মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সামিরুল ইসলাম ২৭ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
তার অভিযোগ, যাদের আবেদন এখনও বিচারবিভাগীয় ট্রাইব্যুনালে বিচারাধীন, তাদের কাছেও পুলিশ আধার, ভোটার কার্ড, জমির দলিল-সহ বিভিন্ন নথি চাইছে। এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরো বলছেন, অনেক দরিদ্র পরিবার এই আশংকায় রয়েছেন যে পুলিশ কর্মকর্তার দাবি না মানলে তারা তাদের ভোটাধিকার হারাতে পারেন।
২৬ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা নিলাম মিনাকে লেখা চিঠিতে সিপিআই(এম) অভিযোগ করেছে, পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা ব্যক্তিগত নথি চাইছেন, অথচ এই কাজের আইনি কর্তৃত্ব বা কোনও লিখিত নির্দেশ দেখানো হচ্ছে না।
দলের প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাহলে পুলিশকে এই কাজে কে নিয়োগ করল এবং কোন আইনি ক্ষমতাবলে তারা নথি সংগ্রহ করছেন?
অভিযান বন্ধ করা এবং পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ প্রকাশের দাবি জানিয়েছে সিপিআইএম।

