আল-জাজিরা
ভারতশাসিত কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা গ্রামের একটি মসজিদে সাত দিন ধরে অভিযান চালিয়ে মোহাম্মদ লতিফ ভাটকে ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। গত ১৮ নভেম্বর ওই অভিযানে নিহত হন ভাট।
পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) একজন কমান্ডার হিসেবে পরিচিত ভাটের বিরুদ্ধে অভিযোগ ছিল, এর এক সপ্তাহ আগে আরেক যোদ্ধার সঙ্গে মিলে তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। ওই ঘটনায় তিন সেনা আহত হন। হামলার পরবর্তী কয়েক দিনের মধ্যে তাঁর সহযোগীও নিহত হন।
তবে ভাটের মৃত্যুর খবরই জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, নিহত হওয়ার আগে ভাটই ছিলেন কাশ্মীর উপত্যকার শেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা।
শাহ বলেন, ‘এই ঘটনা কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমানে উপত্যকায় কোনো কাশ্মীরি তরুণ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেই।’
জম্মু ও কাশ্মীর পুলিশও দাবি করেছে, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর এই প্রথম লস্কর-ই-তৈয়বার কোনো স্থানীয় যোদ্ধা উপত্যকায় সক্রিয় নেই।
তবে বিশ্লেষক ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সশস্ত্র সংঘাত শেষ হয়ে যায়নি; বরং এর ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে।
তাঁদের মতে, নতুন নামে সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব, সরকারি তালিকার বাইরে থাকা যোদ্ধাদের সক্রিয়তা, বিদেশি যোদ্ধাদের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থার ব্যবহার সংঘাতকে নতুন রূপ দিয়েছে। একই সঙ্গে সহিংসতার কেন্দ্র কাশ্মীর উপত্যকা থেকে দক্ষিণের জম্মু অঞ্চলের বনাঞ্চলের দিকে সরে যাচ্ছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইসরার খান ভাটের হত্যাকে নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য এবং লস্কর-ই-তৈয়বার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, পুলিশের সরকারি নথিতে নাম না থাকলেও সশস্ত্র যোদ্ধারা সক্রিয় থাকতে পারেন।

তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তিনি নিশ্চিতভাবেই শেষ যোদ্ধা নন। কারণ, এমন যোদ্ধা রয়েছেন, যাঁরা সক্রিয়, কিন্তু পুলিশের নথিতে তাঁদের নাম নেই।’
‘হাইব্রিড যোদ্ধা’ কারা
ইসরার খান মূলত পুলিশের ভাষায় পরিচিত ‘হাইব্রিড মিলিট্যান্ট’ বা ‘হাইব্রিড যোদ্ধাদের’ কথা বলেছেন। ২০২০ সালের দিকে কাশ্মীরে এই শব্দটির প্রচলন শুরু হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব ব্যক্তি পরিচিত সশস্ত্র যোদ্ধাদের তালিকার বাইরে থেকে হামলা চালান।
২০২১ সালে পুলিশ যখন তাঁদের ‘বেসামরিক নাগরিকের ছদ্মবেশে থাকা সন্ত্রাসী’ এবং ‘খণ্ডকালীন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করে, তখন শব্দটি আরও পরিচিতি পায়।
নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ব্যক্তিরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখেন, স্থানীয়ভাবে প্রশিক্ষণ নেন এবং সুযোগ বুঝে হামলা চালিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। ফলে তাঁদের শনাক্ত করা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য কঠিন হয়ে পড়ে।
নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, হাইব্রিড যোদ্ধাদের আবির্ভাব সশস্ত্র গোষ্ঠীগুলোর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রকাশ্যে অস্ত্র বহন বা পরিচিত যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশের পরিবর্তে তারা এমন ব্যক্তিদের ব্যবহার করতে পারে, যাঁরা বাইরে থেকে সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করেন।
তবে এই পরিচয় বা শ্রেণিবিভাগ নিয়েও প্রশ্ন রয়েছে। কিছু বিশ্লেষক ও মানবাধিকারকর্মীর অভিযোগ, কাদের হাইব্রিড যোদ্ধা বলা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট সংজ্ঞা নেই। আগে যাঁদের সশস্ত্র গোষ্ঠীর সমর্থক হিসেবে চিহ্নিত করা হতো, তাঁদেরও কখনো কখনো এই পরিচয়ে অভিযুক্ত করা হতে পারে। এতে কার্যত যেকোনো কাশ্মীরিকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোর আশঙ্কা তৈরি হয়।
কাশ্মীরে হাইব্রিড যোদ্ধা হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা নিয়েও কোনো একক সরকারি হিসাব নেই। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা বিভিন্ন অভিযানে গ্রেপ্তারের পৃথক তথ্য প্রকাশ করেছে।
ইসরার খানের মতে, এ ধরনের যোদ্ধাদের উপস্থিতির কারণে ভাটই উপত্যকার শেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা ছিলেন কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

তিনি বলেন, ‘আগামী পাঁচ থেকে ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
তাঁর সতর্কতা, এ সময়ে স্থানীয় তরুণদের সংশ্লিষ্টতায় কাশ্মীরে নতুন কোনো হামলার ঘটনা ঘটলে বর্তমান মূল্যায়ন পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।
নতুন নামে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী
হাইব্রিড যোদ্ধাদের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে নতুন নামে সক্রিয় হওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
ভারতশাসিত কাশ্মীরে সক্রিয় এমন দুটি গোষ্ঠী হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এবং পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)। ২০১৯ সালের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর গোষ্ঠী দুটির আবির্ভাব ঘটে।
২০২৫ সালে পেহেলগামে বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ। ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরপরই ওই বছরের মে মাসে দুই দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয়।
নিরাপত্তা সংস্থা ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষকদের মতে, টিআরএফ ও পিএএফএফ পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ছায়া সংগঠন। তাঁদের ধারণা, পুরোনো গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা আড়াল করা, স্থানীয় পরিচয় সামনে আনা এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) মতো আন্তর্জাতিক সংস্থার নজরদারি এড়ানোর উদ্দেশ্যে এসব নতুন সংগঠন গড়ে তোলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন নামে এসব সংগঠনের আবির্ভাব দেখায় যে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোও নিজেদের কৌশল বদলাচ্ছে।
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা বলেন, এর আগেও কাশ্মীরে স্থানীয় যোদ্ধাদের সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়া বন্ধ হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু এরপরও জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটেছে।
আলজাজিরাকে তিনি বলেন, ‘২০১৯ সালের পরও কাশ্মীরকে সশস্ত্র বিদ্রোহমুক্ত ঘোষণা করার দাবি করা হয়েছিল। আমি বলছি না যে এমন সম্ভাবনা একেবারে নেই। সবকিছুই সম্ভব। তবে মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র পাওয়া যায়।’
বাবার মতে, এর অর্থ এই নয় যে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, কাশ্মীর উপত্যকায় স্থানীয়দের সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়ার প্রবণতা কমলেও সহিংসতার নতুন কেন্দ্র হয়ে উঠছে দক্ষিণের জম্মু অঞ্চল।

সহিংসতার ভৌগোলিক কেন্দ্র বদলাচ্ছে
বহু বছর তুলনামূলক শান্ত থাকার পর জম্মু অঞ্চলে আবারও সশস্ত্র সহিংসতা বেড়েছে। ২০২১ সাল থেকে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক।
প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা অভিযান জোরদার হওয়ায় সশস্ত্র যোদ্ধাদের জন্য সেখানে কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে জম্মু থেকে কিছু সেনা সরিয়ে নেওয়াও সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তা উপস্থিতি কমে যাওয়ার সুযোগে এসব গোষ্ঠী জম্মুর বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান তৈরি করেছে।
নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, সশস্ত্র যোদ্ধারা এখন এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোনসহ বিভিন্ন নিরাপদ যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করছেন। এতে স্থানীয় যোগাযোগের ওপর তাঁদের নির্ভরতা কমছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে তাঁদের অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।
এই পরিবর্তন ভারতের সেই সরকারি বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলছে, যেখানে কাশ্মীর উপত্যকায় স্থানীয় যোদ্ধার অনুপস্থিতিকে সশস্ত্র বিদ্রোহের অবসান হিসেবে তুলে ধরা হচ্ছে।
বরং পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, বাড়তি নজরদারি ও নিরাপত্তা অভিযানের সঙ্গে খাপ খাইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশি যোদ্ধা, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং দুর্গম ভূখণ্ডের ওপর বেশি নির্ভর করছে।
জম্মুর ঘন বনাঞ্চল এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষক রশিদ রাহির মতে, ভৌগোলিক অবস্থানের কারণে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
আলজাজিরাকে তিনি বলেন, ‘জম্মু বিভাগে ঘন বনাঞ্চল রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষে এসব এলাকার প্রতিটি জায়গায় পৌঁছানো কঠিন। এ কারণে উধমপুর ও রাজৌরিতে একাধিক ঘটনা ঘটেছে। কখনো কখনো নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চালাতে কয়েক সপ্তাহ লেগে যাচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।’
তিনি আরও বলেন, ‘কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রচুর তুষারপাত হয়, যা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কঠিন করে তোলে। তবে জম্মু দিয়ে অনুপ্রবেশের সুযোগ রয়েছে। দুই অঞ্চলের মধ্যে এটিই বড় পার্থক্য।’
ফলে কাশ্মীর উপত্যকায় স্থানীয় সশস্ত্র যোদ্ধার সংখ্যা কমে আসাকে বিদ্রোহের চূড়ান্ত অবসান হিসেবে দেখার সুযোগ সীমিত। বরং সশস্ত্র গোষ্ঠীগুলোর কৌশল ও কার্যক্রমের কেন্দ্র বদলে যাওয়ার বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসছে।

