বিবিসি
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে বিপুল তেলের মজুত থাকা একটি অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের চেষ্টা করেও সফল হলো না আর্জেন্টিনা। জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দ্বীপপুঞ্জের কাছে ‘সি লায়ন’ নামের তেল প্রকল্প স্থগিত করার বিষয়ে বুয়েনস আইরেসের আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে বিতর্কিত দ্বীপপুঞ্জের তেলসম্পদ আহরণের পথে যুক্তরাজ্যের অবস্থান আরও শক্তিশালী হলো।
যুক্তরাজ্যের অধীনস্থ অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা তুলে ধরে প্রকল্পটি স্থগিত করার আহ্বান জানিয়েছিল আর্জেন্টিনা সরকার। তবে যুক্তরাজ্য বরাবরই দ্বীপপুঞ্জটির ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি বজায় রেখেছে।
শনিবার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি-এর প্রেসিডেন্ট জানান, সার্বভৌমত্বের প্রশ্নে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই। ১৮-৩ ভোটের ব্যবধানে ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
রায়ের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বলেন, ‘এ সিদ্ধান্তই শেষ কথা নয়।’ তিনি আবারও দাবি করেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই অংশ।
যুক্তরাজ্যের কাছে বড় কূটনৈতিক ও আইনি জয়
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের আইনি অবস্থান তুলে ধরেন ইংল্যান্ড ও ওয়েলসের অ্যাটর্নি জেনারেল এলি রিভস। চলতি মাসের শুরুতে জার্মানির হামবুর্গে তিনি যুক্তরাজ্যের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
রিভসের মতে, ট্রাইব্যুনালের সিদ্ধান্তটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ এবং ‘যুক্তরাজ্য সরকারের জন্য একটি স্পষ্ট বিজয়’।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে রিভস ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনার ‘ব্যাপক অর্থনৈতিক চাপ বন্ধের’ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ফকল্যান্ডের বাসিন্দাদের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের পথ রুদ্ধ করতে চেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’
তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অর্থ এই নয় যে ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। আদালত মূলত জানিয়েছেন, এ ধরনের ভূখণ্ডগত বিরোধ মীমাংসা করার এখতিয়ার তাঁদের নেই।
১৭০ কোটি ব্যারেল তেলের সম্ভাবনা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনা ১৯৮২ সালে ৭৪ দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধের কয়েক দশক পরও দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।
দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত সি লায়ন তেলক্ষেত্রে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে। বিপুল এই সম্পদ উত্তোলনের সম্ভাবনা ঘিরে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলের নাভিটাস পেট্রোলিয়াম নামের দুটি কোম্পানি আগামী দুই বছরের মধ্যে এই তেলক্ষেত্র থেকে উত্তোলন শুরু করার পরিকল্পনা করছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রায় ৩ হাজার ৫০০ বাসিন্দার জন্য বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে দ্বীপপুঞ্জটির অর্থনৈতিক অবস্থানেও বড় পরিবর্তন আসতে পারে।
আর্জেন্টিনার আপত্তি ও পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
আর্জেন্টিনা সরকারের যুক্তি ছিল, বিরোধপূর্ণ সমুদ্রাঞ্চলের সামুদ্রিক পরিবেশ আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলমান থাকায় বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে—এমন কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। তেলকূপ খননও এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে যুক্তরাজ্য দাবি করেছে, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালের নেই। একই সঙ্গে সি লায়ন প্রকল্প স্থগিত করা হলে দ্বীপপুঞ্জের স্থানীয় জনগোষ্ঠী এবং প্রকল্পের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো গুরুতর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে।
ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মূলত এখতিয়ারসংক্রান্ত এই প্রশ্নের ওপর ভিত্তি করেই এসেছে। অর্থাৎ ফকল্যান্ডের মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তি করা সমুদ্র আইনবিষয়ক আদালতের কাজ নয়।
তবে রায়ের ব্যাখ্যা নিয়ে একমত নয় আর্জেন্টিনা। সিদ্ধান্তের পর বুয়েনস আইরেসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্জেন্টিনা আদালতকে সার্বভৌমত্বের বিষয়ে রুল দিতে বলেনি।’ বরং তাদের দাবি ছিল, ‘আমাদের সম্পদ লুণ্ঠনের’ অভিযোগে যুক্তরাজ্যের বিরুদ্ধে জাতিসংঘের সমুদ্র আইন প্রয়োগ করা হোক।
একই বিবৃতিতে তেল উত্তোলন প্রকল্পের সঙ্গে জড়িত পাঁচজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মিলেই আগেই এ ধরনের পদক্ষেপের কথা বলেছিলেন। তবে কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘বার্তাটি স্পষ্ট: যারা আমাদের সম্পদের অবৈধ উত্তোলনে অংশ নেবেন, তাদের এর পরিণতি ভোগ করতে হবে।’
ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবেদন খারিজ হলেও ফকল্যান্ডের তেলসম্পদ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং বিপুল তেলের সম্ভাবনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের সার্বভৌমত্বের বিরোধ নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সংঘাতের দিকে এগোতে পারে।

