আল জাজিরা
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা যখন নতুন মাত্রা পাচ্ছে, তখন এই লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে ইসরায়েল। বিশাল ডেটা সেন্টার নির্মাণ, প্রযুক্তি অবকাঠামোয় বিনিয়োগ এবং এনভিডিয়ার মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে দেশটি নিজেদের এআই সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। লক্ষ্য শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়; বরং সামরিক সক্ষমতা, অর্থনৈতিক প্রভাব ও ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করে বিশ্বের অন্যতম প্রধান এআই কেন্দ্রে পরিণত হওয়া।
এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং যে ইসরায়েলকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছিলেন, সেই দেশেই এখন দ্রুতগতিতে গড়ে উঠছে এআই প্রযুক্তির বিশাল অবকাঠামো।
গত জুনে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক এআই উন্নয়ন পরিকল্পনা ঘোষণার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই পরাশক্তিতে রূপান্তর করব।’
পরে সেপ্টেম্বরে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচ বছরের উচ্চাভিলাষী লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘পাঁচ বছরের মধ্যেই আমরা হব বিশ্বের তৃতীয় এআই পরাশক্তি।’
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই উদ্যোগ মূলত উচ্চগতির ডেটা প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর একটি বড় রূপান্তর। এর প্রভাব প্রযুক্তি খাতের বাইরেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে সামরিক প্রযুক্তি, গোয়েন্দা কার্যক্রম এবং আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সুবিধা তৈরি করতে পারে এই অবকাঠামো।
এনভিডিয়াকে ঘিরে ইসরায়েলের প্রযুক্তিগত উত্থান
এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ইসরায়েলের অবস্থান একেবারে নতুন নয়। দেশটির প্রযুক্তি খাতের সঙ্গে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার সম্পর্কও দীর্ঘদিনের।
২০২০ সালের এপ্রিলে ইসরায়েলি কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিষ্ঠান মেলানক্সকে প্রায় ৭ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে এনভিডিয়া। এই অধিগ্রহণ পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির বৈশ্বিক সেমিকন্ডাক্টর ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২১ বিলিয়ন ডলার আয় করেছে, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসরায়েলে। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে সাতটি কেন্দ্রে প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর ধারণক্ষমতাসম্পন্ন একটি বিশাল গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে এনভিডিয়ার।
এই বিনিয়োগ ইসরায়েলকে শুধু এআই প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার অংশ।
দেড় বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প
ইসরায়েলের এআই অবকাঠামো সম্প্রসারণের অন্যতম বড় উদ্যোগ ‘ওফেক ডেটা সেন্টার’। আসদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এই প্রকল্পটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মার্কিন অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে। প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে দেড় বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে এর সম্প্রসারণে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
সমুদ্রতলের ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে ডেটা সেন্টারটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে। শুরুতে ১৩০ মেগাওয়াট সক্ষমতায় চালু হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ইসরায়েলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। তবে এসব স্থাপনার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা নতুন প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ সামাল দিতে দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন ডেটা সেন্টারের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত রাখার নির্দেশ দিয়েছে।
লন্ডনভিত্তিক এআই গবেষক রাজীব দালাল আল জাজিরাকে বলেন, ‘অনুমতি দেওয়া সহজ প্রশাসনিক সিদ্ধান্ত হলেও কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিশ্চিত করা বড় শাসনতান্ত্রিক পরীক্ষা। সুপারপাওয়ার হতে হলে গিগাওয়াট স্তরের নির্ভরযোগ্য বিদ্যুৎ এবং নিরবচ্ছিন্ন চিপ সরবরাহ নিশ্চিত করতে হবে।’
বিদ্যুতের চাহিদা মেটাতে গ্যাস ও পারমাণবিক শক্তির পরিকল্পনা
বিশাল ডেটা সেন্টার পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ইসরায়েলের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এ কারণে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
ডেটা সেন্টারগুলোর বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির বিকাশের ওপর জোর দিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
পাশাপাশি ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমার কাছাকাছি অবস্থিত তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে উৎপাদনে আসার কথা থাকা কাতলান গ্যাসক্ষেত্রও এই পরিকল্পনার অংশ।
এ ছাড়া ওফেক ডেটা সেন্টারের কাছেই আসদোদ বন্দরে ৮৫০ মেগাওয়াট সক্ষমতার একটি বিশেষ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের গবেষক মার্ক এস্পোসিতো বলেন, ‘একটি দেশের কৌশলগত এআই উচ্চাকাঙ্ক্ষার জন্য অভ্যন্তরীণ ডেটা সেন্টার তৈরি কেবল বাণিজ্যিক লাভের বিষয় নয়, বরং আগামী শিল্প বিপ্লবের নিয়ন্ত্রণবিন্দু নিজের হাতে রাখার বিষয়। এগুলো হলো এআই ক্ষমতার ভৌগোলিক নোঙর।’
জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে ‘জাতীয় অবকাঠামো’ হিসেবে ঘোষণা করেন নেতানিয়াহু। একই সঙ্গে এগুলোর নির্মাণে বিদ্যমান বিধিনিষেধও তুলে নেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি ছোট এবং হুমকির মুখে থাকা দেশ হওয়ায় বিশ্বমঞ্চে এই বিপুল ক্ষমতার সুবিধা আমাদের অর্জন করতেই হবে।’
ইসরায়েলের জাতীয় এআই অধিদপ্তরের প্রধান এরেজ আসকালও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের বিষয়টিকে ভবিষ্যতের নেতৃত্বের সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, ‘আগামী কয়েক বছরেই স্পষ্ট হয়ে যাবে কারা এআই যুগের নেতৃত্বে থাকবে আর কারা অন্যদের প্রযুক্তির ওপর নির্ভর করতে বাধ্য হবে।’
সামরিক শক্তিতেও বাড়বে এআই অবকাঠামোর প্রভাব
বিশেষজ্ঞদের মতে, নিজস্ব ডেটা সেন্টার থাকলে এআই মডেলের মাধ্যমে দ্রুত ও স্থিতিশীলভাবে ফলাফল তৈরি বা ইনফারেন্সিংয়ের সক্ষমতা বাড়ে। এর সুবিধা শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোই পাবে না, সামরিক বাহিনীও পেতে পারে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক মার্ক মুরো বলেন, ‘স্থিতিশীল স্থানীয় ইনফারেন্সিং ভবিষ্যতে ব্যবসা ও সামরিক ক্ষেত্রে বড় সুবিধা দেবে।’
গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় ইসরায়েল ইতিমধ্যে অস্ত্র ও সামরিক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। ফলে দেশটির নিজস্ব কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণ সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, নিজস্ব ডেটা সেন্টার ও উন্নত কম্পিউটিং সক্ষমতা থাকলে সংবেদনশীল সামরিক তথ্য প্রক্রিয়াকরণ, গোয়েন্দা বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
পিছিয়ে ইউরোপ, বাড়ছে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা
ইসরায়েল যখন দ্রুত এআই অবকাঠামো গড়ে তুলছে, তখন বিদ্যুৎ ঘাটতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইউরোপ।
বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিজস্ব ডেটা সেন্টার অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে ইউরোপকেও ক্রমাগত বিদেশি প্রযুক্তি ও সেবাদাতাদের ওপর নির্ভর করতে হচ্ছে।
ইউরোপের নিজস্ব সার্ভারে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যয় ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। তবে সামরিক ও গোয়েন্দা তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিদেশি ক্লাউড সেবার ওপর নির্ভরশীলতা ইউরোপের প্রযুক্তিগত সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
ব্রাসেলসভিত্তিক থিংকট্যাংক ব্রুগেলের গবেষক বার্টিন মার্টেনস বলেন, ‘রাজনৈতিক ও নিরাপত্তা-সংবেদনশীল কাজের জন্য আপনি নিশ্চয়ই চাইবেন না কোনো বিদেশি শক্তি আপনার যোগাযোগ ও তথ্যের ওপর নজরদারি করুক।’
ফ্রান্সের কোট ডি’আজুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমোন ভানুচ্চিনিও এ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, এআই ও কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল কিংবা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীলতা ইউরোপের কূটনীতিতে নতুন ঝুঁকি তৈরি করবে।
কারণ, যে দেশের হাতে এই প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে, ভবিষ্যতে সেই দেশের নীতি বা কর্মকাণ্ডের সমালোচনা করাও প্রযুক্তিনির্ভর অন্য দেশগুলোর জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে ইসরায়েলের এআই উচ্চাকাঙ্ক্ষা কেবল প্রযুক্তি খাতে বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। ডেটা সেন্টার, বিদ্যুৎ উৎপাদন, গবেষণা এবং সামরিক প্রয়োগকে একই কৌশলগত কাঠামোয় যুক্ত করে দেশটি বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে এই উচ্চাভিলাষ বাস্তবে কতটা সফল হবে, তা নির্ভর করবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, চিপ সরবরাহ, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করার ওপর।

