জার্মানিতে নিঃসঙ্গতার হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশটির এক-তৃতীয়াংশ মানুষ নিঃসঙ্গতা বা একাকিত্ব অনুভব করছেন। যার ফলে তাদের মানসিক চাপও বৃদ্ধি পাচ্ছে। টেকনিকার ক্রাংকেনকাসে (টিকে) পরিচালিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তরুণদের মধ্যে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে, যদিও সারা দেশেই এর প্রভাব ব্যাপক। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ জার্মান নাগরিক জানায়, তারা প্রায়ই বা মাঝে মাঝে নিঃসঙ্গতা অনুভব করেন।
চলতি বছরের মে মাসে এক হাজার ৪০৩ জন মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছিলেন। এতে দেখা গেছে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ৬৮ শতাংশ বলেছেন তারা নিঃসঙ্গতা অনুভব করেন। এই বয়সের ৩৬ শতাংশ বলেছে, তাদের জন্য নিঃসঙ্গতা গুরুতর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সময় ৪০ থেকে ৫৯ বছর ও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যার হার যথাক্রমে ১৯ শতাংশ এবং ২১ শতাংশ।
জার্মান সমাজবিজ্ঞানী জানোশ শোবিন জরিপের ফলাফল উপস্থাপনকালে বলেন, নিঃসঙ্গতা সাধারণত জীবনযাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কিত। তরুণদের মধ্যে এটি বাড়ে বিশেষত বাড়ি ছেড়ে যাওয়ার পর, নতুন শহরে স্থানান্তর অথবা কাজের পরিবর্তনের কারণে।
এই জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেটি হলো অবিবাহিত বা সঙ্গীহীন ব্যক্তিরা সঙ্গীযুক্ত ব্যক্তিদের তুলনায় তিনগুণ বেশি নিঃসঙ্গতা অনুভব করেন। তবে, পুরুষ এবং নারীর মধ্যে নিঃসঙ্গতার অনুভূতিতে তেমন পার্থক্য লক্ষ্য করা যায়নি। সঙ্গীহীনদের মধ্যে ৩৩ শতাংশ বলেছেন, তারা খুব বেশি বা গুরুতরভাবে নিঃসঙ্গতায় ভোগেন। অন্যদিকে যারা সঙ্গীযুক্ত, তাদের মধ্যে এই হার মাত্র ২২ শতাংশ।
গবেষণায় আরও একটি বিষয় উঠে এসেছে, তা হলো নিঃসঙ্গতার অনুভূতির সঙ্গে শিক্ষার স্তর, পেশা বা শহরের আকারের সম্পর্ক তেমন দেখা যায়নি। তবে নিঃসঙ্গতার বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যক্তির সম্পর্ক এবং সামাজিক অবস্থান। দারিদ্র্যও নিঃসঙ্গতার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা তরুণদের তুলনায় বেশি ঝুঁকির মধ্যে আছেন। কারণ বয়স বাড়ার সাথে সাথে তারা সঙ্গী হারানোর কারণে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
নিঃসঙ্গতার ব্যাপারে পুরুষদের মধ্যে একটি বিশেষ প্রবণতা রয়েছে। তারা সাধারণত নিঃসঙ্গতার কথা বলায় অনাগ্রহী। জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ২২ শতাংশ পুরুষ নিঃসঙ্গতার বিষয়ে অন্যদের কাছে কথা বলেন। যেখানে নারীদের মধ্যে এই সংখ্যা ৪০ শতাংশ। পুরুষেরা এ বিষয়ে কথা বলতে অস্বস্তিবোধ করেন। প্রায় ২৯ শতাংশ বলেছেন, নিঃসঙ্গতা নিয়ে আলোচনা তাদের জন্য অস্বস্তিকর। ৯ শতাংশ বলেছে, তাদের এমন কাউকে পাওয়া যায় না যার সঙ্গে তারা এই বিষয়টি আলোচনা করতে পারেন।
নিঃসঙ্গতার শারীরিক এবং মানসিক প্রভাবও বেশ বিপজ্জনক। যারা নিঃসঙ্গতা অনুভব করেন, তাদের মধ্যে ২৩ শতাংশ মনে করেন তাদের স্বাস্থ্য খারাপ। যেখানে অন্যদিকে যারা নিঃসঙ্গ নন, তাদের মধ্যে এই সংখ্যা মাত্র ১৩ শতাংশ। নিঃসঙ্গতা শারীরিক সমস্যা, মানসিক চাপ, ক্লান্তি, উদ্বেগ এবং ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে।
টেকনিকারের বোর্ড চেয়ারম্যান জেন্স বাস বলেছেন, ‘নিঃসঙ্গতা শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে, এটি প্রমাণিত হয়েছে।’ তিনি বিশেষ করে ডিমেনশিয়া রোগের কথা উল্লেখ করেন এবং বলেন, নিঃসঙ্গ মানুষ বেশি সময় ধরে শারীরিক ব্যথা, হাঁপানি এবং পিঠ বা পেটের সমস্যা ভোগেন। তবে নিঃসঙ্গতা এবং স্বাস্থ্যগত সমস্যার সম্পর্ক কেন ঘটছে, তা এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়।

