কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি অপসারণ করা হয়।
বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস সংলগ্ন শূন্যরেখায় ভারতের ভেতরে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী মসজিদের সামনে একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরাটি স্থাপন করে বিএসএফের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা।
বিজিবি বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানালে ১০ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা আলোচনা হয়, তবে তখন কোনো সমাধান হয়নি। পরে, ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় উভয় বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ ক্যামেরাটি সরিয়ে নিতে সম্মত হয়। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সীমান্ত এলাকায় একটি পুরাতন মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের মুসল্লিরা যুগ যুগ ধরে এখানে একসঙ্গে নামাজ আদায় করে আসছেন। তবে মসজিদ পুনর্নির্মাণে বিএসএফ বাধা দিয়ে আসছে, যার ফলে গত দুই বছর ধরে কাজ বন্ধ রয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল এবং বিএসএফ আলোচনার পর তা অপসারণের সিদ্ধান্ত নেয়।

