সৌদি আরব সফরে গেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার (৩ মার্চ) রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
লেবাননের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সৌদি সফরে আসায় আউনের সম্মানে রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। বৈঠকে সৌদি ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আউন বলেন, সৌদি আরবের এই সফর দুই দেশের সম্পর্কের গভীরতা পুনঃনিশ্চিত করার একটি সুযোগ। তিনি লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বজায় রাখতে সৌদির ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে রিয়াদের দেওয়া বিভিন্ন সহায়তারও প্রশংসা করেন।
বৈঠক শেষে লেবানিজ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদল মঙ্গলবার মিশরের কায়রোতে আরব শীর্ষ সম্মেলনে অংশ নিতে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে লেবাননের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক সেনাপ্রধান জোসেফ আউন। তার নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে চলা লেবাননের প্রেসিডেন্টশূন্যতার অবসান ঘটে।

