যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি কী অর্জন করতে চান, তা নিয়ে নানা বিশ্লেষণ সামনে এসেছে।
বিবিসির প্রতিবেদনে দেখা যায়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগের জন্যই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করতেই এমন কৌশল নিয়েছেন তিনি।
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রই ছিল সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী দেশ। এখন ট্রাম্প প্রশাসন জানাচ্ছে, তারা বিষয়টি পর্যালোচনা করছে এবং দেখছে, এই সহায়তা বন্ধ রাখা যুদ্ধের সমাধানে কোনো ভূমিকা রাখে কি না।
যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যতক্ষণ না ইউক্রেন শান্তি আলোচনার সদিচ্ছা দেখায়- ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস বলেছেন, ইউক্রেনের এমন একজন নেতা দরকার, যিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন এবং রাশিয়ার সঙ্গে চুক্তিতে আসতে পারবেন। তার মতে, এই পরিস্থিতিতে জেলেনস্কির পদত্যাগ হতে পারে একটি সমাধান।
এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি “খুব, খুব দূরে।” এই বক্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এর কিছু সময় পরই ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সহায়তা বন্ধ করা হয়।
জেলেনস্কি সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, ন্যাটো সদস্যপদের বিনিময়ে তিনি পদত্যাগ করতে পারেন। তবে ট্রাম্প এ বিষয়ে রাশিয়ার অবস্থানের সঙ্গে একমত পোষণ করে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিতর্কের জেরে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি বাতিল হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্প প্রশাসন কি চাচ্ছে জেলেনস্কি ক্ষমা চান এবং কোনো শর্ত ছাড়াই খনিজ চুক্তি স্বাক্ষর করুন?
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কৌশল হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপে ফেলে ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা। তবে জেলেনস্কি ইতোমধ্যেই সাফ জানিয়েছেন, তিনি কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবেন না এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো চুক্তি করবেন না।
এ অবস্থায় ট্রাম্পের এই কৌশল ইউক্রেনের ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

