ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের দেওয়া প্রস্তাব ‘একেবারেই অগ্রহণযোগ্য’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তিতে দেরি করে, তাহলে ফের সামরিক অভিযান শুরু করা হবে।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করা হয়, যেখানে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আহ্বানে সাড়া দিয়ে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৫০ দিন বাড়ানো হয়েছে।
নেতানিয়াহু বলেন, হামাস যতক্ষণ পর্যন্ত আমাদের জিম্মিদের কব্জায় রাখবে, ততক্ষণ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো প্রশ্নই ওঠে না। আমাদের একমাত্র শর্ত- প্রথমে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হবে।
এর আগে হামাস দাবি করেছিল, ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু জানিয়ে দেন, জিম্মি মুক্তির শর্ত পূরণ না হলে কোনো আলোচনা সম্ভব নয়।
রমজানের শুরু থেকেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় খাদ্যবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। নেতানিয়াহু তার বক্তব্যে বিষয়টি স্বীকার করে বলেন, আমি স্পষ্ট বলতে চাই, এখন থেকে আর ফ্রিতে খাবার দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ১৯ ফেব্রুয়ারি গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর প্রথম পর্বে হামাসের কব্জায় থাকা ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে ইসরায়েলও কারাবন্দি কিছু ফিলিস্তিনিকে ছেড়ে দেয়।
এই পর্ব ২ মার্চ শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল, যেখানে অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে।
যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী?
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু একদিকে সব জিম্মির মুক্তি দাবি করলেও, অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে যেতে আগ্রহী নন। ফলে হামাসের সঙ্গে সমঝোতার পথ আরো কঠিন হয়ে উঠছে।
ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো ৫৯ জন জিম্মি হামাসের হাতে রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতি প্রক্রিয়া কীভাবে এগোবে- সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

