কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমার দুটি হাসপাতাল থেকে ১৩০ জন রোগীকে অপহরণ করেছে বিদ্রোহীগোষ্ঠী এম ২৩-এর যোদ্ধারা। সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, গত (২৮ ফেব্রুয়ারি) গোমার এনডোশো ও হিল আফ্রিকা নামের দুটি হাসপাতালে হামলা চালিয়ে এনডোশো থেকে ১১৬ জন এবং হিল আফ্রিকা থেকে ১৫ জন রোগীকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে কঙ্গোর সেনাবাহিনীর সদস্য এবং সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠী ওয়াজেলেনদোর সদস্যরা রয়েছেন, যারা যুদ্ধে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
জাতিসংঘের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসাধীন রোগীদের অপহরণ এবং তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে গোপন স্থানে আটকে রাখা অমানবিক। আমরা এম ২৩ বিদ্রোহীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা দ্রুত অপহৃতদের মুক্তি দেয়।
এ বিষয়ে মন্তব্যের জন্য এম ২৩ বিদ্রোহীগোষ্ঠীর মুখপাত্র উইলি এনগোমা ও লরেন্স ক্যানিউকার সঙ্গে যোগাযোগ করা হলে, তবে তারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। সূত্র: রয়টার্স
প্রসঙ্গত, গত জানুয়ারির মাঝামাঝি সময় থেকে কঙ্গোর পূর্বাঞ্চল দখলের অভিযান চালিয়ে আসছে এম ২৩। মাত্র দুই সপ্তাহের মধ্যেই বিদ্রোহীরা পুরো পূর্বাঞ্চল দখল করে জানুয়ারির শেষ দিকে প্রধান শহর গোমায় প্রবেশ করে। খনিজ ও বনজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল দীর্ঘদিন ধরেই সহিংসতার শিকার হয়ে আসছে।

