তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরান সতর্ক বার্তা দিয়েছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা জানিয়েছেন, এমন ‘ভুল তথ্য ও অবাস্তব বিশ্লেষণ’ থেকে বিরত থাকা উচিত, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করতে পারে।
সোমবার তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাংগিচের সঙ্গে বৈঠকে ইরানি উপদেষ্টা মাহমুদ হেইদারি বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকা জরুরি। কারণ এমন মন্তব্য মতবিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে।
তিনি আরো বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরাইলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণই সবচেয়ে বড় হুমকি। ইসলামি দেশগুলোর উচিত- ফিলিস্তিন ও সিরিয়াসহ আঞ্চলিক দেশগুলোর ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত কিরলাংগিচ জানান, আঙ্কারা তেহরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা প্রয়োজন, যাতে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক সংকট মোকাবিলায় যৌথভাবে কাজ করা যায়।
এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি একে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, ইরানের কৌশল দীর্ঘমেয়াদে দেশটির পাশাপাশি গোটা অঞ্চলকেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
ফিদান আরো বলেন, যারা কাচের ঘরে থাকে, তাদের পাথর মারা উচিত নয়। তার ইঙ্গিত- ইরানের বর্তমান নীতির প্রতিক্রিয়ায় দেশটির অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন দেওয়া হতে পারে, যা জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অস্থিরতা বাড়াতে পারে।
তুরস্কের কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ইরানের এই প্রতিক্রিয়া উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

