বিশ্বজুড়ে শারীরিক স্থূলতা এক মহামারির রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু অতিরিক্ত ওজন কিংবা স্থূলতার সমস্যায় ভুগবে। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ এই সমস্যার শিকার হতে পারে।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, যদি সরকারগুলো কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আগামী কয়েক দশকে স্থূলতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের অধ্যাপক ইমানুয়েলা গ্যাকিদৌ। বিশ্বের ২০৪টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের জীবনযাত্রা, খাদ্যাভ্যাসসহ নানা বিষয় বিশ্লেষণ করে তিনি এই প্রতিবেদন তৈরি করেছেন। তার মতে, অতিরিক্ত ওজন ও স্থূলতা শুধু স্বাস্থ্যগত সংকট নয়। এটি এক গভীর ট্র্যাজেডি ও সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি।
গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে বিশ্বজুড়ে ৯২.৯ কোটি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছিল। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ কোটিতে। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বে ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। যা ২০৫০ সালের মধ্যে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে।
শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যেই নয়। শিশু ও কিশোরদের মধ্যেও স্থূলতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। গবেষণার তথ্যমতে, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী শিশু ও কিশোর-কিশোরীদের স্থূলতা ১২১ শতাংশ বৃদ্ধি পাবে।
বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব এবং জীবনযাত্রার পরিবর্তন স্থূলতা বৃদ্ধির মূল কারণ। সরকার ও নীতিনির্ধারকদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহলে আগামীতে স্থূলতা আরও বড় স্বাস্থ্য সংকটের রূপ নেবে।
স্থূলতা নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ। সময়মতো ব্যবস্থা না নিলে বিশ্ব এক ভয়াবহ স্বাস্থ্য সংকটের দিকে ধাবিত হবে। যা শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিকভাবে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাতেও বিরূপ প্রভাব ফেলবে।

