মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেনের সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক দীর্ঘ পোস্টে জেলেনস্কি বলেন, আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমরা কেউই দীর্ঘকাল যুদ্ধ চালিয়ে যেতে চাই না। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
এটি ছিল যুক্তরাষ্ট্রের ইউক্রেন সহায়তা বন্ধের ঘোষণার পর জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে, তিনি তার বক্তব্যে সরাসরি এ বিষয়ে কিছু বলেননি।
জেলেনস্কি আরও জানান, যুদ্ধের অবসানে আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা দ্রুত এই সংঘাতের অবসান চাই।
তিনি যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ হিসেবে বন্দি বিনিময়, আকাশে মিসাইল ও ড্রোন হামলা বন্ধ এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের প্রস্তাব দেন। এছাড়া রাশিয়া সম্মত হলে সমুদ্রেও যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, আমরা মনে করি, যুক্তরাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভলিন মিসাইল দিয়েছিলেন, যা যুদ্ধের পরিস্থিতি বদলে দিয়েছিল। আমরা এর জন্য কৃতজ্ঞ।
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে জেলেনস্কি বলেন, গত শুক্রবারের বৈঠকটি প্রত্যাশিতভাবে হয়নি। এটি সত্যিই দুঃখজনক। এখন সময় এসেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর এবং ভবিষ্যতে আরও গঠনমূলক সহযোগিতা নিশ্চিত করার।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত রয়েছে, যা দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

