সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে ‘স্মোক গ্রেনেড’ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) বিরোধীদলীয় আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এই হামলা চালান।
হামলার সময় এক সরকারদলীয় আইনপ্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
চার মাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষকদের, কৃষকদের এবং অন্যান্য শ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে বড় ধরনের বিক্ষোভে রূপ নিয়েছে। এই আন্দোলন প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের দীর্ঘ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাজারো মানুষ সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন। সূত্র: জিও নিউজ
অধিবেশন চলাকালে ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) নেতৃত্বাধীন জোট তাদের এজেন্ডা অনুমোদন করলে বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতা স্পিকারের দিকে দৌড়ে যান এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় কিছু বিরোধী নেতা স্মোক গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন, যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো ও গোলাপী ধোঁয়া ছড়িয়ে পড়ে।
সার্বিয়ার পার্লামেন্টে ১৯৯০ সালে বহুদলীয় গণতন্ত্র চালুর পর থেকেই বিভিন্ন সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মারামারি ও পানি ছোঁড়ার ঘটনাও ঘটেছে।
স্পিকার আনা ব্রনাবিচ জানান, ঘটনায় দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এর মধ্যে এসএনএস পার্টির সদস্য জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তিনি বলেন, পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
অধিবেশনের সময় ক্ষমতাসীন জোটের রাজনীতিবিদরা আলোচনা চালিয়ে গেলেও, বিরোধী এমপিরা শিস বাজিয়ে এবং শিঙা বাজিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা ‘সাধারণ ধর্মঘট’ ও ‘হত্যার জন্য ন্যায়বিচার’ লেখা সাইনবোর্ড উঁচিয়ে ধরেন।

