গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধের অবসানে একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনা চালিয়েছে। এ আলোচনা ইসরাইলকে বাইরে রেখেই হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সূত্র: টাইমস অব ইসরাইল
ট্রাম্প প্রশাসনের ‘জিম্মি দূত’ অ্যাডাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৫ মার্চ) এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ‘অভূতপূর্ব’, কারণ এর আগে দেশটি কখনো হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেনি। উল্লেখ্য ১৯৯৭ সালে মার্কিন সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
প্রাথমিকভাবে আলোচনার মূল লক্ষ্য হামাসের কাছে বন্দি থাকা মার্কিন নাগরিকদের মুক্তি নিশ্চিত করা। পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলছে, যার মাধ্যমে সব জিম্মির মুক্তি এবং গাজায় সংঘাত বন্ধের চেষ্টা করা হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, এখনো কোনো চুক্তিতে উপনীত হয়নি উভয় পক্ষ।
এদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফের কাতারে যাওয়ার কথা থাকলেও- ইসরাইল-হামাস যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি সফর বাতিল করেছেন।
এক্সিওসের প্রতিবেদনে আরো দেখা যায়, ট্রাম্প প্রশাসন গাজা সংকট মোকাবিলায় যে কৌশল নিয়েছে, তা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নীতির তুলনায় ভিন্ন। ট্রাম্প নিজে কিছুদিন আগেও হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুমকি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তার প্রশাসন এখন আড়ালে আলোচনায় বসেছে।
বর্তমানে হামাসের কাছে ৫৯ জন জিম্মি রয়েছে, যার মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। জীবিত মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী ইডান-আলেক্সান্ডার, যার মুক্তির জন্য বিশেষভাবে আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর সম্ভাবনাও আলোচনা চলছে।
এদিকে গত শনিবার হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের ৪২ দিনের মেয়াদ শেষ হয়। যদিও ইসরাইল নতুন করে সামরিক অভিযান শুরু করেনি- তবে গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে।

