যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে চীন হুঁশিয়ারি দিয়েছে, তারা ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে। বাণিজ্যযুদ্ধ থেকে সামরিক উত্তেজনা- সবকিছুর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে বেইজিং।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সব পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দেন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ এখন বড় ধরনের বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
ওয়াশিংটনে চীনের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ‘যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- তা শুল্কযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ বা অন্য কোনো যুদ্ধ হোক- চীন শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’ এই বার্তা চীনের সরকার গত মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছিল।
এদিকে বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে অংশ নিতে চীনের শীর্ষ নেতারা বেইজিংয়ে একত্রিত হয়েছেন। গতকাল বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা দিয়েছেন, চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ৭.২ শতাংশ বাড়ানো হবে। নেতারা দেশবাসীকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে- সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের ঝুঁকির মধ্যেও চীনের অর্থনৈতিক অগ্রগতি বজায় থাকবে।
চীন যুক্তরাষ্ট্রের তুলনায় নিজেদের স্থিতিশীল ও শান্তিপূর্ণ হিসেবে তুলে ধরতে চায়। তারা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে থাকার জন্য দোষারোপ করেছে। পাশাপাশি কানাডা ও মেক্সিকোর মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোকেও নিজেদের কৌশলের অংশ হিসেবে বিবেচনা করছে।
গতকাল প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন বিদেশি বিনিয়োগের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত রেখেছে এবং আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়।
এর পূর্বে গত বছরের অক্টোবরে তাইওয়ানকে কেন্দ্র করে বড় আকারের সামরিক মহড়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন। তবে সামরিক প্রস্তুতি ও যুদ্ধে জড়িয়ে পড়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

