থাইল্যান্ডে এক ব্যক্তি যখন সদ্য কেনা আইসক্রিম বার খোলেন, তখন তিনি চমকে ওঠেন। প্যাকেট খুলে যা দেখেন, তা ছিল একেবারে অপ্রত্যাশিত- আইসক্রিম প্যাকেটে সাপ যা বরফে জমে ছিল!
দ্য স্টেইটস টাইমসের রিপোর্ট অনুযায়ী দেখা যায়, ঘটনার পর সেসময় আতঙ্কিত না হয়ে ওই ব্যক্তি ফেসবুকে আইসক্রিমের ছবি শেয়ার করেন। যেখানে স্পষ্টভাবে দেখা যায়, সাপটি আইসক্রিমের ভেতরে পুরে রাখা ছিল। তিনি জানান, আইসক্রিমটি কিনেছিলেন একটি ভ্রাম্যমাণ কার্ট থেকে।
৪ মার্চ ছবিটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। পরের দিন সন্ধ্যার মধ্যে- সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি প্রায় ৯ হাজার বার শেয়ার করেছেন। ছবিতে একটি কালো-হলুদ রঙের সাপের মাথা স্পষ্ট দেখা যাচ্ছে, যা আরো আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে পোস্টের মন্তব্যে অনেকেই ঘটনাটি নিয়ে মজা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, গরম আবহাওয়ায় সাপটি পুনরায় জীবিত হতে পারবে কি না। আবার কেউ এটিকে ‘প্রোটিন বুস্টিং’ আইসক্রিম হিসেবে আখ্যায়িত করেছেন।
অনেকে ধারণা করছেন, আইসক্রিম প্যাকেটে সাপ গোল্ডেন ট্রি স্নেক হতে পারে, যা বিষাক্ত এবং থাইল্যান্ডসহ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও অন্যান্য দেশে পাওয়া যায়। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইট অনুসারে, এই সাপের বিষ শক্তিশালী এবং এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

