দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া চলাকালে একটি যুদ্ধবিমান ‘দুর্ঘটনাবশত’ স্থানীয় এলাকায় ৮টি বোমা ফেলেছে, যার ফলে ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার কিছু পর উত্তর কোরিয়ার সীমান্তের কাছে পচেওন শহরে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, দেশটির বিমান বাহিনী জানায়- যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়া চলাকালে তাদের কেএফ-১৬ যুদ্ধবিমান ফায়ারিং রেঞ্জের বাইরে ৮টি বোমা ফেলে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও বাকিগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের বেসামরিক জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী দেখা যায়, বোমাগুলোর আঘাতে একটি চার্চ এবং আবাসিক একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে দুজন গুরুতর আঘাত পেয়েছেন, তাদের ঘাড় ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর- দেশটির বিমান বাহিনী এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করার ঘোষণা দিয়েছে। এছাড়া আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

