গত দুই দশকে যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসায় যে অগ্রগতি সাধিত হয়েছিল, তা মারাত্মক হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID) থেকে দেওয়া তহবিল হ্রাসের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করে বলেছে, এই সংকট অব্যাহত থাকলে যক্ষ্মা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। বিশেষত: নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
WHO ও OECD-এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র প্রতি বছর যক্ষ্মা মোকাবিলায় ২০০-২৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিত, যা বৈশ্বিক যক্ষ্মা কর্মসূচিতে সবচেয়ে বড় একক অবদান। তবে ২০২৫ সালে এই তহবিল সংকোচনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।
WHO-এর গ্লোবাল টিবি প্রোগ্রামের পরিচালক ড. তেরেজা কাসায়েভা বলেন, “যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসায় যে কোনো ধরনের ব্যাঘাত মহামারি আকারে মৃত্যু বাড়িয়ে দিতে পারে। কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ৭ লাখেরও বেশি অতিরিক্ত মৃত্যু হয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে যক্ষ্মা মোকাবিলায় অর্জিত অগ্রগতি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।”
তহবিল সংকটের কারণে কী কী ঝুঁকি দেখা দিচ্ছে?
- স্বাস্থ্যসেবার ভেঙে পড়া: শীর্ষ ৩০টি যক্ষ্মা-প্রবণ দেশে অর্থ সংকটের কারণে জাতীয় যক্ষ্মা কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে।
- স্বাস্থ্যকর্মীর সংকট: তহবিল সংকোচনের ফলে বহু স্বাস্থ্যকর্মী ছাঁটাইয়ের মুখে পড়ছেন, যার ফলে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
- ঔষধ সরবরাহ চেইনের ব্যাঘাত: অর্থের অভাবে যক্ষ্মার ওষুধ সরবরাহে বিঘ্ন ঘটছে, যা আক্রান্তদের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে।
- পরীক্ষা ও শনাক্তকরণ সঙ্কট: ল্যাব কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগী শনাক্তের হার কমছে, ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
- তথ্য ও নজরদারির দুর্বলতা: নিয়মিত রিপোর্টিং ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ওপর নজরদারিতে ঘাটতি দেখা দিচ্ছে।
- সম্প্রদায়ভিত্তিক সেবার বিপর্যয়: সক্রিয় রোগী সন্ধান, স্ক্রিনিং ও সংক্রমিত ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, USAID তার যক্ষ্মা গবেষণা কার্যক্রম স্থগিত করায় নতুন চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টাও থমকে গেছে।
বিশ্লেষকরা বলছেন, জরুরি ভিত্তিতে বিকল্প অর্থায়ন ব্যবস্থা গড়ে না তুলতে পারলে বিশ্বব্যাপী সংক্রামক এই রোগের বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়বে।

