যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডা এখনও ইউক্রেনের ব্যাংক কর্মকর্তা জিনাইদা শেলেনেঙ্কোর মনে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি করেছে।
৫২ বছর বয়সী শেলেনেঙ্কো বলেন, “তারা দুজন ডাকাতের মতো জেলেনস্কিকে কোণঠাসা করেছে। তারা শুধু অর্থ দাবি করে না বরং অপমানও করতে চায়—যেন দুজন মাফিয়া।” যদিও পরবর্তী সময়ে ট্রাম্প ও জেলেনস্কি একে অপরের প্রতি সুর নরম করেছেন। তবে শেলেনেঙ্কো এই ঘটনায় একটিই ফলাফল দেখতে পেয়েছেন। তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই শেষ পর্যন্ত লাভবান হয়েছেন।
গত সোমবার ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দেন। যা শেলেনেঙ্কোর কাছে আশ্চর্যকর কিছু ছিল না। তিনি মনে করেন, এ সিদ্ধান্তের ফলে পুতিন আরও শক্তিশালী হয়ে উঠবেন। ইউক্রেনের চেরনিহিভ শহরের সামরিক বিশ্লেষক মিখাইলো জিরোকভও ট্রাম্পের এই পদক্ষেপকে পরিণতি হিসেবে দেখতে চান। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করে দেয়। তবে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলি যেমন লকহিড মার্টিন বড় অর্থনৈতিক ও আইনি সমস্যার সম্মুখীন হবে।
জিরোকভ আরও বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহও বন্ধ হতে পারে। যা ইউক্রেনের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্র যেমন এফ-১৬ যুদ্ধবিমান এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেগুলোর প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে।
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের বিষয়েও সমস্যা দেখা দিতে পারে, যা যুদ্ধের জন্য একটি বড় ক্ষতি হতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্তের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিয়েভভিত্তিক বিশ্লেষক ইগার তিশকেভিচ মন্তব্য করেছেন। তিনি বিশ্বাস করেন, ট্রাম্প চীনকে মোকাবিলায় ইউক্রেনকে একটি বাধা হিসেবে দেখতে শুরু করেছেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন। যাতে চীনকে মস্কো থেকে আরও দূরে রাখা যায়।
সাবেক ইতিহাসের শিক্ষক ও বর্তমানে কিয়েভের একটি হাসপাতালে চিকিৎসাধীন আনাতোলি। ট্রাম্পের পরিকল্পনা থেকে পোল্যান্ডের ভাগ হওয়ার প্রেক্ষাপট টেনে তুলেছেন। তিনি বলেন, একসময় পোল্যান্ডের পার্লামেন্টের জটিল ব্যবস্থা এবং দুর্বল নীতি গ্রহণের কারণে দেশটি ভেঙে পড়েছিল। ঠিক একইভাবে, ইউক্রেনও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক সহযোগিতা ও সামরিক বাহিনীর পুনর্গঠনে ব্যস্ত ছিল। যা বর্তমানে তাদের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
ইউক্রেনের পরমাণু অস্ত্র ত্যাগের ইতিহাস এবং পশ্চিমের সহায়তার বিষয়টি উল্লেখ করে জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রোখিন বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি থেকে মুক্তি পাবে। একই সঙ্গে, ইউরোপীয়রা কিয়েভকে যেসব অস্ত্র দেবে, তা থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারীরা বড় লাভ পাবে।
এদিকে, ট্রাম্পের পদক্ষেপে ইউক্রেনের জন্য কিছু সুবিধা হতে পারে। বিশেষ করে মার্কিন সহায়তা না থাকলে ইউক্রেনের অস্ত্র প্রাপ্তি ও পুনর্গঠন সম্পর্কিত চুক্তির জন্য তাদের আর বহিঃশক্তির ওপর নির্ভর করতে হবে না। ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা আশা করছেন, এ সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়বে।

