ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাম্প্রতিক বক্তব্যকে ‘রাশিয়ার প্রতি হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তাকে নেপোলিয়ন বোনাপার্ট ও এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ বলেন, ইউরোপের নিরাপত্তা রক্ষায় রাশিয়ার হুমকির কথা মাথায় রেখে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভাগাভাগি করার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে ইউরোপীয় সেনাপ্রধানদের সঙ্গে আলোচনার পরিকল্পনাও তার রয়েছে।
মাখোঁর এসব বক্তব্যকে ‘অত্যন্ত আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে ক্রেমলিন। ল্যাভরভ বলেন, ‘এটি অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে একটি হুমকি। ইতিহাসে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল- নেপোলিয়ন, হিটলার- তারা অন্তত স্পষ্ট করে বলেছিল যে রাশিয়াকে দখল করতে হবে। কিন্তু মাখোঁ সে তুলনায় ততটা কৌশলী নন।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে পরিকল্পনার কথা মাখোঁ বলেছেন, তা মূলত ন্যাটোর সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। মস্কোর দৃষ্টিতে এটি রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে।
এদিকে রুশ গণমাধ্যমে প্রকাশিত একাধিক কার্টুনে মাখোঁকে নেপোলিয়নের আদলে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসে উল্লেখ রয়েছে, নেপোলিয়ন ১৮১২ সালে রাশিয়া দখলের চেষ্টা করলেও ব্যর্থ হন।
বিশ্বে পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশ দুটির কাছে পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে প্রায় ৫০০, ফ্রান্সের ২৯০ ও যুক্তরাজ্যের ২২৫টি ওয়ারহেড রয়েছে।

