চীনের সাম্প্রতিক যুদ্ধপ্রস্তুতির ঘোষণার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যে কোনো ধরনের যুদ্ধের জন্য ওয়াশিংটনও প্রস্তুত। সূত্র: নিউ ইয়র্ক
সম্প্রতি চীন দাবি করেছে, তারা শুল্কযুদ্ধ থেকে শুরু করে সামরিক সংঘাত- সব ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা শান্তি চায়- তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া বক্তব্যে চীনের বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দেন। তিনি বলেন, যেসব দেশ আমেরিকার পণ্যে উচ্চহারে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর একইভাবে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করব।
ট্রাম্পের বক্তব্যের পরই বেইজিংয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যযুদ্ধ, শুল্কযুদ্ধ বা সামরিক সংঘাত চায়- তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।
এরই প্রতিক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতাকে নতুনভাবে গড়ে তুলছে। তিনি বলেন, চীন বা অন্য কারো সঙ্গে সম্ভাব্য সংঘাতের মুখোমুখি হলে আমাদের শক্তিশালী হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারেন, প্রকৃত শক্তির মাধ্যমেই শান্তি নিশ্চিত করা সম্ভব।
বিশ্লেষকদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে দ্বিপাক্ষিক কূটনীতিতে উত্তেজনা আরো বেড়ে যেতে পারে।

