মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন, যেখানে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হতে পারে। নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা শেষে আগামী সপ্তাহেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় আরো কিছু দেশ অন্তর্ভুক্ত হতে পারে, তবে সেসব দেশের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: রয়টার্স
ট্রাম্পের আগের মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যদিও নানা আইনি চ্যালেঞ্জের পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞায় অনুমোদন দেয়। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং ট্রাম্পের সিদ্ধান্তকে ‘জাতীয় বিবেকের জন্য কলঙ্ক’ বলে মন্তব্য করেছিলেন।
নতুন নিষেধাজ্ঞায় আফগানিস্তান থাকলে দেশটির লাখো নাগরিক, যারা শরণার্থী কিংবা বিশেষ অভিবাসন ভিসার (এসআইভি) মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তালেবান শাসনের পর থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া আফগানদের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই নতুন ভ্রমণ নীতি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার প্রচারণার অংশ হিসেবে আসতে পারে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

