সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬২ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ছিলেন।
শুক্রবার (৭ মার্চ) বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো অভিযানে অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।
এর একদিন পূর্বে বৃহস্পতিবার, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।
সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসা আলাউইত সম্প্রদায়ের এসব যোদ্ধা হঠাৎ করেই নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে বহু হতাহত হয়।
এরপরই বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে সরকারি বাহিনী। অভিযানে আটক বিদ্রোহীদের তাৎক্ষণিকভাবে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আপনারা দেশের জনগণের ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। প্রতিশোধ নেয়ার সময় এসেছে। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করুন, অন্যথায় কঠিন পরিণতি অপেক্ষা করছে।’
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লাতাকিয়া অঞ্চলটি সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসাদ নিজেও আলাউইত সম্প্রদায়ের সদস্য ছিলেন।

