ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্কের দোব্রোপিলিয়া শহরে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। সূত্র: বিবিসি
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে চালানো এই হামলায় আটটি আবাসিক ভবন ও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পূর্বে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় আরও পাঁচজন প্রাণ হারান।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে দুই পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে।
এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। আগামী সপ্তাহে মার্কিন সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, আসন্ন আলোচনা ফলপ্রসূ হবে। তিনি জানিয়েছেন, ইউক্রেন দ্রুততম সময়ের মধ্যে শান্তি চায় এবং এ লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রস্তাবও দিয়েছেন। তার মতে, প্রতিদিনের রাশিয়ান হামলাই প্রমাণ করছে যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়াকে বাধ্য করা জরুরি।

