মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই উত্তপ্ত বিতর্কে জড়ালেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে এ ঘটনা ঘটে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স
প্রতিবেদনে বলা হয়, বৈঠকের সময় মাস্ক ও রুবিওর বাকবিতণ্ডা চললেও অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা তাতে সম্পৃক্ত হননি বরং পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন। দ্বন্দ্বের সূত্রপাত হয়, যখন রুবিওর নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া নিয়ে মাস্কের ওপর অসন্তোষ প্রকাশ করেন রুবিও।
মাস্ক দাবি করেন, তিনি পররাষ্ট্র দপ্তরের কোনো কর্মকর্তাকে ছাঁটাই করেননি। তবে রুবিও পাল্টা প্রশ্ন তোলেন, তাহলে ১,৫০০ জনেরও বেশি কর্মকর্তা যারা আগাম অবসর নিয়েছেন- তারা কি ছাঁটাইয়ের শিকার নন? তিনি ব্যঙ্গ করে আরো বলেন, আপনি কি চান যে আমি তাদের আবার নিয়োগ দিই, যাতে আপনি আবার বরখাস্ত করতে পারেন?
সরাসরি কোনো মন্তব্য না করলেও বৈঠকের সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি রুবিওকে উদ্দেশ করে বলেন, সে (মাস্ক) ভালো কাজ করছে।
এদিকে বৈঠকের আগে ট্রাম্প তার মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দেন যে তারা নিজ নিজ সংস্থার প্রধান, ইলন মাস্ক নন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই বিতর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অভিযোগ রয়েছে, ট্রাম্প প্রশাসনের একটি বৃহৎ অংশকে ছাঁটাই করতে চান মাস্ক কিন্তু রুবিও এতে আপত্তি তুলেছেন। ক্ষমতায় আসার পর কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব মাস্ককে দেওয়ার পর থেকেই এ নিয়ে ভিন্নমত দেখা দেয়।
তবে ট্রাম্প এই দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দ্বন্দ্ব হয়নি। রুবিও ও মাস্কের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তারা দুজনই দুর্দান্ত কাজ করছেন। তবে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

