অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের ঐতিহাসিক আল-নাসর মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে ইসরায়েলি সেনারা অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
এএফপিটিভির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মসজিদটির আংশিক পুড়ে যাওয়া অংশ পরিদর্শন করছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ইসরায়েলি বাহিনী নাবলুসে অভিযান চালায়। স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় ছয়টি মসজিদ ঘিরে অভিযান পরিচালিত হয়। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।
নাবলুসের এনডাউমেন্ট পরিচালক শেখ নাসের আল-সালমান ইসরায়েলি বাহিনীর এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইসরায়েল ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোকে অপবিত্র করতে চায় এবং এর জন্য ধারাবাহিক চেষ্টা চালাচ্ছে।’
নাবলুস পৌর কর্তৃপক্ষও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়- আল-নাসর মসজিদ ওল্ড সিটির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন।
এদিকে নাবলুসের পৌরমেয়র হুসাম শাখশির অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী অগ্নিনির্বাপণ কর্মীদের মসজিদে প্রবেশে বাধা দেয়, ফলে তারা সময়মতো আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি।

