মিয়ানমারের সামরিক সরকার আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করবে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, শনিবার (৮ মার্চ)। এই প্রথমবারের মতো জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন। সূত্র: রয়টার্স
২০২১ সালের শুরুতে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে, যা রাজনৈতিক অস্থিরতার সূচনা হয়। এই অভ্যুত্থানের পর ব্যাপক প্রতিবাদ এবং সশস্ত্র বিদ্রোহের ঘটনা ঘটে, যা দেশব্যাপী সংঘাতে পরিণত হয়।
জান্তা প্রধান যদিও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তার প্রশাসন একাধিকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। অন্যদিকে সামরিক বাহিনী বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের মুখে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
এদিকে অনেক সমালোচক এই নির্বাচনের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন, দাবি করেছেন যে, জান্তা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনে প্রক্সি ব্যবস্থার আশ্রয় নিতে পারে। বহু রাজনৈতিক দল ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, এবং জান্তা সরকারের নিয়ন্ত্রণ হারানো অঞ্চলের সংখ্যা বাড়ছে।
বেলারুশ সফরের সময়- জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, শিগগিরই একটি সুষ্ঠু ও মুক্ত নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ঘোষণার খবর গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায় প্রকাশিত হয়।
জান্তা প্রধান আরো জানান, ৫৩টি রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ভোটার তালিকা প্রস্তুতির জন্য জান্তা সরকার ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে সরাসরি জনগণকে গণনায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে নতুন সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। জান্তা সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর ফলে মিয়ানমারের অর্থনীতি গুরুতর সংকটে পড়েছে এবং ইতিমধ্যেই ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

