যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠকে ৫৭ সদস্যের এ সংস্থা মিসরের দেওয়া পুনর্গঠন পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে।
এর পূর্বে গত মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে আরব লিগ আনুষ্ঠানিকভাবে মিসরের এ প্রস্তাব অনুমোদন করে। ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে, গাজার দ্রুত পুনর্গঠন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আর্থিক সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন। সংস্থাটি এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
মিসরের বিকল্প প্রস্তাবে গাজার ভবিষ্যৎ প্রশাসন ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে থাকার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে এ প্রস্তাব আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কায়রোর আল-আহরাম সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক রাভা সাইফ আল্লাম বলেন, ‘মিসর তার পরিকল্পনার জন্য আরো ব্যাপক সমর্থন চাইছে এবং এটি গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে একটি বড় ধরনের জোট গঠনের চেষ্টা।’
হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ৫৬ ইসরায়েলি জিম্মি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি গাজায় পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাঁরা হামাসের হাতে আটক বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবিও জানিয়েছেন। শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক চিঠিতে তাঁরা লিখেছেন, ‘আমরা যারা বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা থেকে মুক্ত হয়েছি, তারা জানি যে যুদ্ধের পুনরাবৃত্তি অবশিষ্ট জিম্মিদের জন্য মারাত্মক হুমকি।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ২৫১ জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে এখনো ৫৮ জন হামাসের হাতে রয়েছে। গতকাল মিসরের মধ্যস্থতায় হামাসের এক প্রতিনিধিদলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর করা ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি আলোচনায় আসবে।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক আল-নাসর মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার চালানো এক অভিযানে ইসরায়েলি সেনারা এ ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে মসজিদের ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চার দিনের মধ্যে গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ার করে বলেছে, যদি নিষেধাজ্ঞা না তোলা হয়, তবে ইসরায়েলের বিরুদ্ধে নৌপথে হামলা আবার শুরু করা হবে। হুতিদের এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

