সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় নিচ্ছেন তিনি। মার্কিন গণমাধ্যম পলিটিকোকে এ তথ্য জানিয়েছেন কমলার ঘনিষ্ঠ সূত্র।
গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখতে নিজ রাজ্যে গভর্নর নির্বাচনে লড়াইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক প্রাক্-অস্কার অনুষ্ঠানে অংশ নেন কমলা, যেখানে তিনি ডেমোক্র্যাট দলের প্রভাবশালী ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি সিদ্ধান্তের একদম কাছাকাছি রয়েছেন।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, যদি কমলা ২০২৬ সালের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবেন। তিনি আরো বলেন, ‘কমলা যদি নির্বাচন করেন, আমি তাঁকে সমর্থন করব। তবে অন্যরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যদিও তাঁদের জেতার সম্ভাবনা কম।’
কমলা হ্যারিস ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে তিনি মার্কিন সিনেটর নির্বাচিত হন।
নির্বাচিত হলে কমলা বর্তমান গভর্নর গ্যাভিন নিউসমের স্থলাভিষিক্ত হবেন। ইতোমধ্যে লেফটেন্যান্ট গভর্নর এলেনি কোনালাকিস, ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেট নেতা টনি অ্যাটকিনস, লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র আন্তোনিও ভিলারাইগোসা এবং ক্যালিফোর্নিয়ার স্কুল পরিচালক টনি থারমন্ড আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০২৬ সালের ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রাথমিক নির্বাচন হবে জুন মাসে।

