যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটির ঐতিহ্যবাহী ভাইস প্রেসিডেন্টদের চেনা ছক ভেঙে দিয়েছেন। প্রচলিতভাবে এই পদে যারা থাকেন তারা ওয়াশিংটনের পর্দার আড়ালে নীতিনির্ধারণী ভূমিকা পালন করেন। তবে ভ্যান্স নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও প্রকাশ্য রাজনৈতিক মিত্র হিসেবে- একজন তরুণ, উচ্চাকাঙ্ক্ষী ও স্পষ্টভাষী নেতা, যিনি নিজস্ব মতাদর্শ ও অবস্থানের কারণে দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের এক বৈঠকে অংশ নেন ভ্যান্স। ওই বৈঠকে কূটনৈতিক সৌজন্যের পরোয়া না করে তিনি জেলেনস্কিকে কঠোর ভাষায় আক্রমণ করেন, যা নতুন এক সংকটের জন্ম দেয়। এর আগে জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও তিনি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে সমালোচনা করেন, যা অনেকের কাছে অপমানজনক হিসেবে প্রতিভাত হয়। ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া তাঁর বক্তব্য একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে।
ভ্যান্সের ইউরোপবিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতির প্রতি সংশয়ী দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। ২০২২ সালের এক পডকাস্টে তিনি প্রকাশ্যে বলেন, “ইউক্রেনে কী ঘটছে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত নই।” এই বক্তব্য তাঁর স্বাতন্ত্র্যবাদী মনোভাবেরই প্রতিফলন।
কিন্তু এই ভ্যান্সই এক সময় ট্রাম্পকে কটাক্ষ করে ‘হাঁদারাম’ বলেছিলেন এবং ২০১৬ সালে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। এখন তিনিই রিপাবলিকান দলের অভ্যন্তরে ট্রাম্পের সবচেয়ে দৃঢ় সমর্থকদের একজন। দলের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নিয়েছেন তিনি।
ভ্যান্সের উত্থান যেমন আকস্মিক, তেমনি নাটকীয়। আইভি লিগ থেকে স্নাতক এই সাবেক মেরিন সেনা ও প্রযুক্তি উদ্যোক্তা ‘হিলবিলি এলিগি’ নামে আত্মজীবনীমূলক বই লিখে আলোচনায় আসেন। বইটি দ্রুতই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পপন্থীদের বোঝার একটি ‘গাইডবুক’ হয়ে ওঠে। প্রযুক্তি খাতের ডানপন্থী বিত্তবানদের সঙ্গেও তাঁর রয়েছে দৃঢ় সম্পর্ক।
রাজনৈতিকভাবে ভ্যান্স ‘আমেরিকা ফার্স্ট’ অর্থনীতির পক্ষে জোরালো অবস্থান নেন। ওয়াশিংটনের অভিজাত শ্রেণি ও মূলধারার গণমাধ্যমের প্রতি তাঁর বিরোধিতা ট্রাম্পপন্থী জনসমর্থকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।
তবে তাঁর ঠোঁটকাটা বক্তব্য ও আগ্রাসী কূটনৈতিক ভাষা বিদেশি মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাকস্বাধীনতা ইস্যুতে প্রকাশ্যে তিরস্কার করা কিংবা ইউরোপের অতিদক্ষিণপন্থীদের প্রতি তাঁর সমর্থন এসব আশঙ্কাকে আরও তীব্র করছে।
চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্স এখন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্বে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত। যদিও ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে রসিকতা করে বলেছেন, এখনই ‘সিংহাসন’ ছাড়ার মতো বয়স হয়নি তাঁর। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভ্যান্সের উচ্চাকাঙ্ক্ষা এবং তাঁর অবস্থান তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে।
তবে প্রশ্ন রয়ে গেছে- এই দ্রুত উত্থানের পথ কি তাঁকে সূর্যের খুব কাছাকাছি নিয়ে যাবে, না কি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা তাঁকে রাজনৈতিক পুড়িয়ে ফেলবে? সময়ই দেবে উত্তর।

