কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি বলেছেন, যুক্তরাষ্ট্র অথবা ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তবে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরের দেশগুলো পানির সংকটে পড়বে।
তিনি এক সাক্ষাৎকারে জানান, ইরানের বুশেহর পরমাণু স্থাপনায় হামলার ফলস্বরূপ, পারস্য উপসাগরের পানিতে মারাত্মক মাত্রার দূষণ সৃষ্টি হবে, যা গোটা অঞ্চলকে পরিবেশগত বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এই ঘটনার ফলে কাতারসহ কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশগুলো তীব্র পানির সংকটে পড়বে।
শেখ মোহাম্মাদ আরো বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে কাতারে পানির সংকট ঘটবে মাত্র তিন দিনের মধ্যে। তার মতে, এটি শুধু কাতারের জন্য নয় বরং পুরো পারস্য উপসাগরের অঞ্চলের জন্য একটি বড় সংকট হবে।
একই সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন কংগ্রেসের এক সদস্যের ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি মার্কিন কর্মকর্তাদের একটি মানচিত্র দেখিয়েছেন, যা প্রমাণ করে যে কাতার এবং ইরান ভূগোলগতভাবে একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে এবং সেই কারণে তাদের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি এক সতর্কবার্তায় বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে কোনো হামলা হলে- এর ফলে পারস্য উপসাগরে ব্যাপক যুদ্ধ শুরু হবে, যা পুরো অঞ্চলের জন্য একটি ভয়াবহ বিপর্যয় হতে পারে।

