ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তিত হলে দিল্লি-ঢাকা সম্পর্কেও পরিবর্তন আসতে পারে। তবে তিনি আরো যোগ করেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং উভয় দেশের সেনাবাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।
শুক্রবার (৮ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া টুডে কনক্লেভ নামের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ভারত-পাকিস্তান সম্পর্ক এবং চীনের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সহযোগিতা রয়েছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান, এ পরিস্থিতি ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া জরুরি।
বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত করে জেনারেল দ্বিবেদী বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে থাকা একটি দেশের সঙ্গে আমাদের প্রতিবেশি যেকোনো দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। আমাদের চিন্তা করা উচিত। কারণ সন্ত্রাসবাদের কার্যক্রম সেই দেশ থেকেও হতে পারে, যা আমাদের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশে সরকার বদলালে, এটি আমাদের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। তবে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াহুড়োর কাজ হবে। বর্তমানে আমাদের সামরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং নিয়মিত নোট বিনিময়ের মাধ্যমে আমরা যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সন্দেহ এড়িয়ে চলি।

