দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার (৮ মার্চ) আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন। আদালত তার গ্রেফতারি প্রক্রিয়া বাতিল করে দিলেও- সামরিক আইন জারির বিষয়ে চলমান তদন্ত অব্যাহত থাকবে। সূত্র: এএফপি
চলতি বছরের জানুয়ারিতে এক ভোররাতে ইউনকে গ্রেফতার করা হয়। গত (৩ ডিসেম্বর), তাকে বেসামরিক শাসন বিঘ্নিত করার চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
মুক্তি পাওয়ার পর ইউন হাসিমুখে আটককেন্দ্র থেকে বের হয়ে সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমি এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিগত শুক্রবার আদালত ইউনের গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। বিচারকরা জানিয়েছেন, প্রযুক্তিগত এবং আইনি কারণে তার গ্রেফতারি অবৈধ ছিল। তবে কৌঁসুলিরা আদালতের এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে আখ্যা দেন।
প্রসিকিউটররা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার রাখলেও, আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, সাংবিধানিক আদালতের রায় এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ট্রায়াল আদালতে তাদের যুক্তি তুলে ধরবেন।
তবে ইউন আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হলে, দক্ষিণ কোরিয়ায় ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ক্ষমতা হারালেও, তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলাও অব্যাহত থাকবে।
গত মাসে ইউনের আইনজীবীরা তার গ্রেফতারি অবৈধ ঘোষণার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। তাদের যুক্তি ছিল, প্রসিকিউশন অনেক দেরিতে অভিযোগ দায়ের করেছে। মুক্তির পর তার আইনি দল এক বিবৃতিতে জানান, এটি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার চিহ্ন।
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, ইউন মুক্তি পাওয়ার পর গাড়িবহর নিয়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে রওনা হন। সেখানে পৌঁছে, তিনি গাড়ি থেকে নামেন এবং শত শত সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তবে বিরোধী দল এই রায়ের তীব্র সমালোচনা করেছে। ডেমোক্র্যাটিক পার্টির এক মুখপাত্র মন্তব্য করেন, ইউন এমনভাবে আচরণ করছেন, যেন তিনি যুদ্ধে জয়ী কোনো সেনাপতি। এটি অত্যন্ত নির্লজ্জ আচরণ, বিশেষত: একজন রাষ্ট্রদ্রোহের অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে। যিনি এখনও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন।
তিনি আরো বলেন, এখন একমাত্র সমাধান হলো ইউনকে দ্রুত অপসারণ করা, যা আসন্ন সংবিধানিক আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

