সিরিয়ায় নতুন শাসক আল-শারার নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত আলাউয়ি সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ১,০০০ এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শনিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে।
সংঘর্ষটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে আলাউয়ি সম্প্রদায়ের প্রধান এলাকা জাবলেহ ও বানিয়াসসহ আশপাশের অঞ্চলে গত দুই দিন ধরে চলেছে। এ সংঘর্ষকে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এসওএইচআর এর তথ্যমতে, নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা রয়েছেন। সংঘর্ষের মধ্যে নারী ও শিশুদেরও নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই সহিংসতার সূত্রপাত ঘটে গত সপ্তাহে, যখন আসাদপন্থী সশস্ত্র যোদ্ধারা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার নতুন সরকার আসাদের অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।
এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতা থামাতে উপকূলীয় অঞ্চলের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে।
এ বছরের ডিসেম্বর মাসে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ শারার নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করে। এর পরপরই আসাদ মস্কোয় পালিয়ে যান, ফলে সিরিয়ায় আসাদ পরিবারের শাসন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।
গত শুক্রবার, প্রেসিডেন্ট আহমেদ শারা আসাদপন্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানকে সমর্থন করে একটি ভাষণ দেন, তবে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে সতর্ক করেছেন।
আল-শারা বলেন, যখন আমরা আমাদের নীতিবোধ ছেড়ে দিই, তখন আমাদের শত্রুরা ও আমরা একই দিকে চলে যাই। তিনি বেসামরিক নাগরিকদের এবং আটক ব্যক্তিদের প্রতি সঠিক আচরণ করার আহ্বান জানান।

